Balochistan Unrest

‘অশান্ত বালোচিস্তানে জঙ্গিদের নিয়ন্ত্রণ করছে ভারত’! পাক দাবি উড়িয়ে দিল নয়াদিল্লি, পাল্টা দুষল ইসলামাবাদকেই

গত কয়েক দিন ধরে বারে বারে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের বালোচিস্তান। অন্তত ১২টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। সেই হামলার জবাবে শনিবার থেকে ওই অঞ্চলে অভিযান শুরু করেছে পাক সেনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৬
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বালোচিস্তানে অশান্তির নেপথ্যে ভারতের ভূমিকা রয়েছে। এমনই দাবি তুলেছিল পাকিস্তান। তবে ইসলামাবাদের সেই দাবি ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিল নয়াদিল্লি। শুধু তা-ই নয়, বালোচিস্তানে অশান্তির জন্য পাকিস্তানকেই পাল্টা দুষল তারা। পাশাপাশি ভারতের পরামর্শ, পাকিস্তানের উচিত, বালোচিস্তানের জনগণের দীর্ঘদিনের দাবি পূরণের দিকে মনোযোগ দেওয়া।

Advertisement

গত কয়েক দিনে বারে বারে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের বালোচিস্তান। অন্তত ১২টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। সেই হামলার জবাবে শনিবার থেকে ওই অঞ্চলে অভিযান শুরু করেছে পাক সেনা। দফায় দফায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে জঙ্গিরা। বালোচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ় বুকতি জানিয়েছেন, গত ৪০ ঘণ্টার লড়াইয়ে ১৪৫ জন জঙ্গি নিহত হয়েছে। পাক সেনাবাহিনীর ১৭ জন এবং ৩১ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। বালোচিস্তানের এই অশান্তি নিয়ে ভারতকে কাঠগড়ায় তুলেছিল পাকিস্তান।

পাক সেনাবাহিনীর তরফে বিবৃতি জারি করে দাবি করা হয়, বালোচ জঙ্গিদের হামলার নেপথ্যে রয়েছে ‘ভারতের মদতপুষ্ট গোষ্ঠী’। বালোচিস্তানের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ তোলে পাক সেনা। যদিও সেই দাবির সমর্থনে কোনও প্রমাণ দেখাতে পারেনি পাকিস্তান। পাক দাবি নিয়ে শোরগোল পড়তেই জবাব দিল ভারত।

Advertisement

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‘আমরা পাকিস্তানের ভিত্তিহীন দাবিগুলি প্রত্যাখ্যান করছি। নিজস্ব অভ্যন্তরীণ ব্যর্থতা থেকে মনোযোগ সরাতে এই কৌশল নিয়েছে তারা।’’ রণধীর আরও বলেন, ‘‘কোনও সহিংস ঘটনা ঘটলে তা তুচ্ছ বলে দাবি করে পাকিস্তান। সেই দাবি থেকে বিরত থেকে ওই অঞ্চলের জনগণের দীর্ঘকালীন দাবি পূরণের দিকে মনোনিবেশ করলে ভাল হবে।’’ বিদেশ মন্ত্রকের মুখপাত্রের দাবি, বর্বরতা, দমনপীড়ণ এবং মানবাধিকার লঙ্ঘনের দীর্ঘ রেকর্ড রয়েছে পাকিস্তানের!

উল্লেখ্য, পাক সেনা তাদের বিবৃতিতে স্পষ্ট উল্লেখ করেছিল, ‘‘বিদেশি নিয়ন্ত্রণকারীদের নির্দেশে এই কাপুরুষোচিত সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছে বালোচিস্তানের মানুষের জীবনযাত্রা ও উন্নয়নকে ব্যাহত করতে। ভারতের মদতপুষ্ট জঙ্গিদের খতম করতে বালোচিস্তানের বিভিন্ন এলাকায় শুদ্ধিকরণ অভিযান চলছে।’’ শুধু এ বার নয়, অতীতেও বালোচিস্তানের অশান্তির জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান। তবে প্রতি বারই তাদের সেই দাবি নস্যাৎ করে দিয়েছে নয়াদিল্লি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement