Indian Army warns Pakistan

ওরা মানচিত্রে থাকতে চায়, না ইতিহাসে, তা ওদেরই ঠিক করতে হবে! সন্ত্রাসবাদে মদত নিয়ে পাকিস্তানকে হুঙ্কার ভারতের

গত বছরের মে মাসে ভারত এবং পাকিস্তানের চার দিনের সামরিক সংঘর্ষ হয়েছিল। সম্প্রতি সিঁদুর অভিযানের প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে। এ বার সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে ফের সতর্ক করে দিলেন ভারত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৪:৪৬
Share:

ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। —ফাইল চিত্র।

সন্ত্রাসবাদে মদতের অভিযোগ তুলে পাকিস্তানকে ফের সতর্ক করে দিল ভারত। পাকিস্তান যদি সন্ত্রাসবাদে মদত দিতে থাকে এবং ভারতবিরোধী কার্যকলাপ চালিয়ে যেতে থাকে, তবে তার পরিণাম যে ভাল হবে না, তা-ও বুঝিয়ে দেওয়া হয়েছে। ইসলামাবাদকে সাবধান করে দিয়ে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী জানান, পাকিস্তান মানচিত্রে থাকতে চায়, না কি ইতিহাসে— তা ওদেরই ঠিক করতে হবে।

Advertisement

পহেলগাঁও হত্যাকাণ্ডের পরে গত বছরের মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘর্ষে বেআব্রু হয়েছিল রাওয়ালপিন্ডির সামরিক ক্ষমতা। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছে, সিঁদুর অভিযানের সময়ে আকাশের দখল প্রায় পুরোটাই চলে এসেছিল ভারতের হাতে। এ অবস্থায় ভারতীয় সেনাপ্রধানের এই হুঁশিয়ারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সিঁদুর অভিযানের মতো কোনও পরিস্থিতি ফের তৈরি হলে ভারতীয় সেনার প্রতিক্রিয়া কী হবে, তা নিয়ে শনিবার দিল্লিতে এক আলোচনাচক্রে জানতে চাওয়া হয় সেনাপ্রধানের কাছে। উত্তরে তিনি বলেন, “পাকিস্তান যদি জঙ্গিদের আশ্রয় দেওয়া এবং ভারতবিরোধী কার্যকলাপ চালিয়ে যায়, তবে তারা ভূগোলের (মানচিত্রের) অংশ হয়ে থাকবে, না কি ইতিহাস হয়ে যাবে, সেটা ওদেরই স্থির করতে হবে।”

Advertisement

বস্তুত, কয়েক দিন আগেই সিঁদুর অভিযানের প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে দেশে। গত বছরের ৭ মে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে বিভিন্ন জঙ্গিঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল ভারতের সামরিক বাহিনী। ওই সময়ে নির্দিষ্ট ভাবে জঙ্গিঘাঁটিতেই হামলা করেছিল ভারত। কিন্তু ওই অভিযানের পরে পাকিস্তানি বাহিনী ভারতের বিরুদ্ধে হামলা শুরু করে। তাতে জবাবি হামলা চালায় ভারতীয় সেনা বাহিনীও। দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে চার দিন ধরে চলেছিল সামরিক সংঘর্ষ। শেষে গত বছরের ১০ মে সন্ধ্যায় দু’দেশের মধ্যে সংঘর্ষবিরতি হয়।

সিঁদুর অভিযানের প্রথম বর্ষপূর্তিতে কয়েক দিন আগেই ইসলামাবাদকে কড়া বার্তা দিয়েছে ভারতীয় সেনা। দেশের সশস্ত্র বাহিনীর তিন শাখা (স্থল, নৌ এবং বায়ুসেনা) সম্প্রতি এক যৌথ বিবৃতিতে বলে, ‘‘নিয়ন্ত্রণরেখার (লাইন অব কন্ট্রোল বা এলওসি) ও পারে কোনও সন্ত্রাসবাদী ডেরা নিরাপদ নয়। ভারত তার পছন্দমতো সময় ও পদ্ধতিতে সন্ত্রাসের প্রতিটি পরিকাঠামোকে নিশানা করবে।’’ এ বার সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানকে ফের এক বার সাবধান করে দিল ভারতীয় সেনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement