US-Iran Conflict

তেহরানে ঘন ঘন বিস্ফোরণের শব্দ! আমিরশাহিতে ক্ষেপণাস্ত্র হানা ইরানের, আবু ধাবিতে আহত হলেন এক ভারতীয়

হামলা ঠেকাতে ইতিমধ্যেই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ‘এয়ার ডিফেন্স সিস্টেম’ সক্রিয় করেছে সংযুক্ত আরব আমিরশাহি। ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংসের সময় তার টুকরো লেগে আহত হয়েছেন এক ভারতীয় নাগরিক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৬:৩৫
Share:

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। ছবি: রয়টার্স।

২৩ দিন পরেও পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামার কোনও ইঙ্গিত নেই। সোমবার সকাল থেকেই তেহরানে ঘন ঘন বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরানের ‘ফার্স নিউজ়’ জানিয়েছে, তেহরানের গুরুত্বপূর্ণ সড়ক শাহিদ বাবায়ির উপর ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তেহরানের পূ্র্ব দিকের শহরতলি থেকে কালো ধোঁয়া এবং আগুন বেরোতে দেখা গিয়েছে। পাল্টা পদক্ষেপ হিসাবে পশ্চিম এশিয়ার অন্য দেশগুলিতে হামলা অব্যাহত রেখেছে ইরানও। সংযুক্ত আরব আমিরশাহির দিকে চারটি ক্ষেপণাস্ত্র এবং ২৫টি ড্রোন ছুড়েছে তারা। ক্ষেপণাস্ত্রের টুকরো লেগে আবু ধাবিতে আহত হয়েছেন এক ভারতীয় নাগরিক।

Advertisement

হামলা ঠেকাতে ইতিমধ্যেই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ‘এয়ার ডিফেন্স সিস্টেম’ সক্রিয় করেছে আমিরশাহি। ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংসের সময় তার টুকরো লেগে আহত হন এক ভারতীয় নাগরিক। তবে তাঁর আঘাত তেমন গুরুতর নয় বলে জানা গিয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার পরেই আবু ধাবির অল শাওয়ামেখ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্রের টুকরো ভেঙে পড়ে। আবু ধাবির মিডিয়া অফিস জানিয়েছে, ঘটনাস্থলে আপৎকালীন বিভাগের সদস্যদের পাঠানো হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্রকে সফল ভাবে প্রতিহত করা গিয়েছে।

সোমবার সকালে সৌদি আরবের রাজধানী রিয়াধকে নিশানা করেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। একটি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করা গেলেও অপরটি জনমানবহীন জায়গায় গিয়ে পড়়ে। ইরানের হামলার আশঙ্কায় ইতিমধ্যেই বাহরিনে ‘এয়ার সাইরেন’ বাজানো শুরু হয়েছে। বাসিন্দাদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদসংস্থা এএফপি ইজ়রায়েলের সামরিক বাহিনীকে উদ্ধৃত করে জানিয়েছে, সকাল থেকেই সে দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করছে ইরান। ক্ষেপণাস্ত্র হামলা রুখতে কাজ করছে ইজ়রায়েলের সেনা।

Advertisement

তেহরানে হামলা শুরু হতেই আমেরিকা এবং ইজ়রায়েলকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। সোমবার ইরানের রেভলিউশনারি গার্ড কোরের তরফে বলা হয়েছে, যদি তাদের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়, তা হলে তারাও উপসাগরীয় অঞ্চলে থাকা সমস্ত বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে। সে ক্ষেত্রে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে থাকা মার্কিন সেনাঘাঁটিগুলিও বিদ্যুৎহীন হয়ে পড়তে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement