—প্রতিনিধিত্বমূলক চিত্র।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মঙ্গলবার সকালেই জানিয়েছিলেন, যাত্রী পরিষেবা উন্নত এবং রেল নেটওয়ার্কের আধুনিকরণের লক্ষ্যে একাধিক সংস্কারের ভাবনাচিন্তা চলছে। শীঘ্রই পাঁচটি গুরুত্বপূর্ণ সংস্কার করা হবে। কোন কোন ক্ষেত্রে এই সংস্কার হবে, তা জানানো হয় রেল মন্ত্রকের তরফে। জানানো হয়েছে, ২০২৬ সাল জুড়ে এই সংস্কারগুলি করা হবে। এর আগে আরও চারটি সংস্কারের কথা জানিয়েছিল রেল।
এই সংস্কারগুলি রেলের নয়া উদ্যোগ ‘রিফর্ম এক্সপ্রেসের’ অন্তর্ভুক্ত। অশ্বিনী বলেন, ‘‘এই উদ্যোগের অধীনে ইতিমধ্যেই চারটি সংস্কারের কথা ঘোষণা করা হয়েছে। আজ আরও পাঁচটি সংস্কারের কথা জানানো হল। এই পাঁচ সংস্কারের মধ্যে রয়েছে দু’টি পণ্য পরিবহণ, দু’টি যাত্রী সুবিধা এবং একটি নির্মাণের সঙ্গে সম্পর্কিত।’’
রেল চায় লবণ পরিবহণে সংস্কার করতে। অশ্বিনীর কথায়, ‘‘ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম লবণ উৎপাদনকারী এবং রফতানিকারক দেশ। তিনটি প্রধান উৎপাদনকারী রাজ্য হল তামিলনাড়ু, গুজরাত এবং রাজস্থান। ভারতে প্রতি বছর উৎপাদিত প্রায় সাড়ে তিন কোটি টন নুনের মধ্যে ৯২ লক্ষ টন রেলপথে পরিবহণ করা হয়।’’ তবে এই পরিবহণের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ওয়াগনের অনুপযুক্ত নকশা। সেই সমস্যা দূর করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়াও, গাড়ি পরিবহণের ক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ করা হবে জানান রেলমন্ত্রী।
শুধু তা-ই নয়, কোনও প্রকল্পের গুণমান বা কোনও সংস্থার সঙ্গে চুক্তি অনুসারে সংশ্লিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় পণ্য প্রদানের বিষয় নিশ্চিত করতে কিছু পরিবর্তন করা হচ্ছে বলেও জানান রেলমন্ত্রী। পাশাপাশি, দূরপাল্লার ট্রেনের ‘কনফার্মড’ (নিশ্চিত) টিকিট বাতিল করলে টাকা ফেরতের নিয়মে বড় রদবদলের পথে হাঁটতে চলেছে ভারতীয় রেল। রেলমন্ত্রী জানিয়েছেন, ৮ ঘণ্টা বা তার কম সময়ে যদি যাত্রীরা নিশ্চিত সংরক্ষিত টিকিট বাতিল করেন, তবে কোনও ভাড়া ফেরত পাবেন না। আগে চার ঘণ্টা বা তার কম সময়ে টিকিট বাতিল করলে ভাড়া ফেরতযোগ্য ছিল না।
যাত্রী সুবিধার্থে আরও সংস্কাররে কথা জানিয়েছে রেল। সংশ্লিষ্ট ট্রেন ছাড়ার আধ ঘণ্টা আগে পর্যন্ত যাত্রীরা চাইলে তাঁদের ‘বোডিং স্টেশন’ পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ, কোনও যাত্রী নির্দিষ্ট স্টেশন থেকে উঠবেন বলে টিকিট কেটেছেন। তবে পরে তিনি যদি চান অন্য কোনও স্টেশন থেকে উঠবেন, তবে সেই পরিবর্তন করতে পারবেন যাত্রীরা। ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত সেই সুযোগ থাকবে যাত্রীদের।