LPG Shortage

হরমুজ় প্রণালী পেরিয়ে গুজরাতের মুন্দ্রা বন্দরে পৌঁছল ‘জগ লাডকী’, পশ্চিম এশিয়া থেকে কী নিয়ে এল ভারতে?

এর আগে মঙ্গলবার এলপিজি বাহক ‘নন্দাদেবী’ হরমুজ় প্রণালী পেরিয়ে গুজরাতের দেবভূমি দ্বারকা জেলার ভাদিনার বন্দরে পৌঁছেছিল। তাতে ৪৬,৫০০ মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৭:২৪
Share:

মুন্দ্রা বন্দরে ‘জগ লাডকী’। ছবি: সংগৃহীত।

এলপিজি বোঝাই ট্যাঙ্কার ‘শিবালিক’ এবং ‘নন্দাদেবী’র পরে এ বার হরমুজ় প্রণালী পেরিয়ে গুজরাতে এল অশোধিত তেলবাহী ভারতীয় জাহাজ ‘জগ লাডকী’। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রায় ৮০৮৮৬ মেট্রিক টন (এমটি) অশোধিত তেল নিয়ে জাহাজটি মুন্দ্রা বন্দরে পৌঁছেছে বলে বুধবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে।

Advertisement

এর আগে মঙ্গলবার এলপিজি বাহক ‘নন্দাদেবী’ হরমুজ় প্রণালী পেরিয়ে গুজরাতের দেবভূমি দ্বারকা জেলার ভাদিনার বন্দরে পৌঁছেছিল। তাতে ৪৬,৫০০ মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ছিল। সোমবার, আরেকটি জাহাজ—‘শিবালিক’ ওই জলপথ দিয়ে এলপিজি নিয়ে মুন্দ্রা বন্দরে নোঙর করেছিল। মুন্দ্রা বন্দর পরিচালনাকারী সংস্থা আদানি পোর্টস বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, জগ লাডকী যে অশোধিত তেল বহন করেছে তা সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই)-র ফুজাইরাহ বন্দর থেকে আনা হয়েছে। ঘটনাচক্রে, গত সপ্তাহে ওই বন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান ফৌজ।

সরকারি সূত্রের খবর, ২৭৪.১৯ মিটার দৈর্ঘ্য এবং ৫০.০৪ মিটার প্রস্থ বিশিষ্ট জগ লাডকী ডেডওয়েট টনেজ প্রায় ১ লক্ষ ৬৪ হাজার ৭১৬ টন এবং মোট টনেজ প্রায় ৮৪ হাজার ৭৩৫ টন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক গত ১৬ মার্চ জানিয়েছিল, ফুজাইরাহ তেল টার্মিনালে হামলার পর ভারতীয় জাহাজ ‘জগ লাডকী’ নিরাপদে যাত্রা করেছে। আদানি পোর্টসের দাবি, যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সঙ্কট সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই তেলবাহী জাহাজ। ভারত তার প্রায় ৮৮ শতাংশ অপরিশোধিত তেল, ৫০ শতাংশ প্রাকৃতিক গ্যাস এবং ৬০ শতাংশ এলপিজি আমদানি করে। ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর আমেরিকা-ইজ়রায়েলের হামলা এবং তেহরানের প্রত্যাঘাতের আগে, ভারতের অশোধিত তেল আমদানির অর্ধেকেরও বেশি সৌদি আরব ও ইউএই-র মতো পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে আসত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement