কেদারনাথ মন্দির। — ফাইল চিত্র।
তীব্র দাবদাহে যখন উত্তর ভারতের একাধিক জায়গা পুড়ছে, তখন উত্তরাখণ্ডের ছবিটা অন্য। ভারী বর্ষণে ভিজছে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা। আর এই প্রাকৃতিক দুর্যোগের কারণে কেদারনাথ যাত্রা সাময়িক ভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। তাঁদের মতে, তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। কর্তৃপক্ষ জানিয়েছেন, আবহাওয়ার উন্নতি হলেই পুনরায় যাত্রা শুরু করা হবে।
গাড়োয়ালের পুলিশ কমিশনার আনন্দ স্বরূপ জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে কেদারনাথের যাত্রাপথ নিরাপদ নয়। সেই কারণে আপাতত এই যাত্রা স্থগিত রাখা হচ্ছে। তীর্থযাত্রীদের শ্রীনগর-সহ নির্ধারিত বিশ্রাম কেন্দ্রগুলিতে রাখা হয়েছে।
ভারতের মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উঁচু এলাকাগুলিতে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, চামোলি, বাগেশ্বর এবং পিথোরাগড়ে বৃষ্টির পূর্বাভাস। আরও উঁচু এলাকায় দুর্যোগের পরিমাণ বেশি হতে পারে। সেই সব বিষয় বিবেচনা করে কেদারনাথ যাত্রা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শীতকালে তুষারপাতের কারণে কেদারনাথ মন্দির বন্ধ থাকে। সেই সময়টুকুর জন্য বিগ্রহ স্থানান্তরিত করা হয় উত্তরাখণ্ডের ওমকারেশ্বর মন্দিরে। শিবরাত্রির দিনে ওমকারেশ্বর মন্দিরে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। সে দিনই ঠিক হয় কবে থেকে কেদারযাত্রা শুরু হবে। চলতি মরসুমে গত ২২ এপ্রিল কেদারনাথ মন্দিরের দরজা খোলে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে আপাতত কেদারনাথ মন্দিরে যেতে দেওয়া হচ্ছে না তীর্থযাত্রীদের।