Zubeen Garg

ভোটে জ়ুবিন আবেগই বেশি মাথাব্যথা হিমন্তের

জ়ুবিনের মৃত্যুর পরে তাঁর কফিন বয়ে, অন্ত্যেষ্টির সব ভার নিজের কাঁধে নিয়েও জ়ুবিনপ্রেমীদের মন জয়ে সফল হতে পারেননি হিমন্ত। ফাস্ট ট্র্যাক আদালত গঠন ও ‘জ়ুবিন ক্ষেত্রে’র স্থায়ী কাঠামো বানানো, দু’টি ক্ষেত্রেই বিলম্বের জন্য সরকারের উপরে ক্ষিপ্ত জ়ুবিনের অনুরাগীরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১০:০৭
Share:

জ়ুবিন গার্গ এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। —ফাইল চিত্র।

গায়ক জ়ুবিন গর্গের অস্বাভাবিক মৃত্যু ঘিরে বিড়ম্বনা আগে থেকেই ছিল অসমের হিমন্তবিশ্ব শর্মার সরকারের। তা আরও বাড়ল সাম্প্রতিক অকাল বর্ষণে! অসমে ভোটের দিন ঘোষণা থেকেই রাজ্যে নাগাড়ে বৃষ্টিতে বানভাসি শহর। তার চেয়েও বড় কথা, জ়ুবিনের সমাধিক্ষেত্রের আচ্ছাদন ছিঁড়ে সমাধিস্থল ও সব সামগ্রী জলমগ্ন হয়ে পড়ার ঘটনায় আরও চাপে রাজ্যের শাসক দল বিজেপি।

জ়ুবিনের মৃত্যুর পরে তাঁর কফিন বয়ে, অন্ত্যেষ্টির সব ভার নিজের কাঁধে নিয়েও জ়ুবিনপ্রেমীদের মন জয়ে সফল হতে পারেননি হিমন্ত। ফাস্ট ট্র্যাক আদালত গঠন ও ‘জ়ুবিন ক্ষেত্রে’র স্থায়ী কাঠামো বানানো, দু’টি ক্ষেত্রেই বিলম্বের জন্য সরকারের উপরে ক্ষিপ্ত জ়ুবিনের অনুরাগীরা। অভিযুক্তদের সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠতার কথা সামনে আসায় জ়ুবিনপ্রেমীরা প্রকাশ্যে ও সমাজমাধ্যমে নাগাড়ে রাজ্য সরকারের নিন্দায় সরব। এর মধ্যেই ঝড়বৃষ্টিতে ত্রিপল ছিঁড়ে জ়ুবিন ক্ষেত্র জলমগ্ন হওয়ায় রোষ বেড়েছে। আচ্ছাদন মেরামত করতে ঝড়জলের রাতেই সেখানে হাজির হয়েছিলেন জ়ুবিনের স্ত্রী গরিমা শইকিয়া গর্গ। বর্ষার আগেই জ়ুবিনের সমাধির অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “জুবিনের জন্য ন্যায় না মিললে অসমে ন্যায়বিচারের আশা করাই অর্থহীন।”

গায়ক মানস রবীন ও জ়ুবিন-ভক্তদের উদ্যোগে সমাধিক্ষেত্রের আচ্ছাদন মেরামত এবং সেখানে ভক্তদের দেওয়া ছবি ও মূল্যবান সামগ্রী রক্ষা করতে একটি টিনের ছাউনি নির্মাণের কাজ শুরু হয়েছে। গোটা ঘটনায় সরকারকেই কাঠগড়ায় তুলছে তথাকথিত ‘জেন জ়ুবিন’। কারও কারও মতে, যা পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে আসন্ন ভোটে বিরোধীদের সঙ্গে লড়াইয়ের চেয়ে রাজ্য জুড়ে জ়ুবিনপ্রেমীদের আবেগের সঙ্গে যুদ্ধ করাটাই বিজেপির বেশি মাথাব্যথা বলে মনে হচ্ছে।

জ়ুবিনের পরিবারের উদ্যোগে তৈরি জ়ুবিন ট্রাস্টকে সরকার ৫ কোটি টাকা দিয়েছে। জ়ুবিনের অভিনীত শেষ ছবি ‘রৈ রৈ বিনালে’ থেকে জিএসটি বাবদ রাজ্যের পাওয়া ২ কোটি ২৯ লক্ষ টাকা জ়ুবিনের তৈরি কলাগুরু ফাউন্ডেশনের হাতে তুলে দিয়েছেন হিমন্ত। কিন্তু এত কিছুর পরেও জ়ুবিনের স্ত্রী গরিমা ও বোন পামি বরঠাকুর প্রায়ই তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে সরকারের সমালোচনা করছেন। তার সুযোগ নিয়ে কংগ্রেস জ়ুবিনের ন্যায়কে নির্বাচনের অন্যতম প্রধান হাতিয়ার করেছে। আসুর সভাপতি উৎপল শর্মা জ়ুবিন ক্ষেত্রের অব্যবস্থা নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছেন। জ়ুবিনের এক ঘনিষ্ঠ সহকর্মীর ক্ষোভ, “সরকারের যদি সময় বা সামর্থ্য না থাকে, তা হলে জ়ুবিন ক্ষেত্রের দায়িত্ব জনগণের হাতে তুলে দেওয়া হোক।” তৃণমূল সাংসদ সুস্মিতা দেব দাবি করেছেন, অসমে এ বার প্রথম জ়ুবিন গর্গকে ছাড়াই বিহু উদ্‌যাপন হবে। জ়ুবিনকে ঘিরে জনতার আবেগ ও ক্ষোভ থেকে দৃষ্টি সরাতেই সরকার নির্বাচনী প্রক্রিয়া ত্বরান্বিত করছে। গরিমা সবাইকে অনুরোধ করেছেন, জ়ুবিনকে যেন রাজনীতির সঙ্গে না জড়ানো হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন