Delhi Police Murder

২৭ লক্ষ টাকার ফ্ল্যাটের ঋণের কিস্তি মেটানো নিয়ে অশান্তি? দিল্লি পুলিশের সোয়াট কমান্ডো খুনে উঠে এল নয়া তথ্য

পুলিশ সূত্রে খবর, দ্বারকা মোড়ে যে বাড়িটি কিনেছিলেন চৌধরি দম্পতি, তার জন্য ব্যাঙ্ক থেকে ২৭ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন তাঁরা। সেই টাকা কে মেটাবে তা নিয়ে দম্পতির মধ্যে অশান্তি শুরু হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৬
Share:

দিল্লি পুলিশের সোয়াট কমান্ডো কাজল চৌধরি। ফাইল চিত্র।

পণের টাকা নিয়েই নয়, ২৭ লক্ষ টাকার ফ্ল্যাটের ঋণের কিস্তি মেটানো নিয়েও স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত। দিল্লি পুলিশের সোয়াট কমান্ডো কাজল চৌধরির খুনের মামলায় নয়া তথ্য উঠে এল।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দ্বারকা মোড়ে যে বাড়িটি কিনেছিলেন চৌধরি দম্পতি, তার জন্য ব্যাঙ্ক থেকে ২৭ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন তাঁরা। সেই টাকা কে মেটাবেন, তা নিয়ে দম্পতির মধ্যে অশান্তি শুরু হয়। তার মধ্যে বার বার অত্যাচারিত হয়ে কাজল আলাদা থাকার সিদ্ধান্ত দেন। পুলিশ সূত্রে খবর, সেটাও একটা কারণ হতে পারে। কাজল আলাদা থাকা শুরুও করেছিলেন।

ওই সূত্রের দাবি, অত্যাচারের মাত্রা বাড়তে থাকায় শ্বশুরবাড়িতে থাকতে চাইছিলেন না কাজল। স্বামী অঙ্কুরকে অন্য একটি ফ্ল্যাট কেনার জন্য বলেন। তার পর তাঁরা দ্বারকা মোড়ে একটি ফ্ল্যাটও কেনেন। কাজলের স্বামী পুলিশকে জানিয়েছেন, তাঁর স্ত্রী এবং তিনি দু’জনেই আর্থিক বিষয়ে খুব চাপে ছিলেন। কাজল তাঁর বাপের বাড়িতে আর্থিক সহযোগিতা করতেন। বেশ কয়েকটি ঋণের কিস্তিও দিতেন। কিন্তু ২২ জানুয়ারি ফ্ল্যাটের কিস্তির টাকা নিয়ে দু’জনের কথা কাটাকাটি হয়। অভিযোগ, তার পরই কাজলকে ডাম্বল দিয়ে মাথায় আঘাত করেন অঙ্কুর। তার পর শ্যালককে ফোন করে বলেন, ‘‘তোর দিদিকে মারছি। পারলে কথাগুলো রেকর্ড করে রাখ। পুলিশকে দিতে পারবি।’’ আরও বলেন, ‘‘এসে তোর দিদির লাশ নিয়ে যাস।’’ সেই খবর পেয়েই কাজলের বাড়িতে যান তাঁর ভাই নিখিল। গিয়ে দেখেন কাজল রক্তাক্ত অবস্থায় পড়ে। মাথা থেঁতলানো। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক দিন কোমায় থাকার পর ২৭ জানুয়ারি মৃত্যু হয় কাজলের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement