Narendra Modi on Operation Sindoor

এক দশকের সংস্কারের ফসল সিঁদুর অভিযান! বাজেটে প্রতিরক্ষা খাতে ঢালাও বরাদ্দের ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী মোদী

আগামী অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা খাতে ৭.৮৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অপারেশন সিঁদুর থেকে শিক্ষা নিয়েই কি আগামী অর্থবর্ষের জন্য প্রতিরক্ষা খাতে এই ঢালাও বরাদ্দ করা হয়েছে? কী ব্যাখ্যা প্রধানমন্ত্রীর?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫১
Share:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

প্রতিরক্ষা খাতে গত এক দশক ধরে ভারত যে সংস্কার করেছে, তারই প্রতিফলন ধরা পড়েছে সিঁদুর অভিযানে। এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, উদ্ভূত পরিস্থিতিতে ভারতকে সব সময় নিজেদের প্রস্তুত রাখতে হবে এবং সেই কাজটিই করছে ভারত।

Advertisement

আগামী অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা খাতে ঢালাও বরাদ্দ করেছে মোদী সরকার। শীঘ্রই ফ্রান্সের থেকে আরও রাফাল যুদ্ধবিমান কেনা হবে। সেই প্রস্তাবিত চুক্তির জন্য ইতিমধ্যে সবুজ সঙ্কেতও দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক অধীনস্থ কমিটি। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে, প্রতিরক্ষা এবং সামরিক খাতে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার কথা তুলে ধরলেন মোদী। তাঁর কথায়, বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের প্রতিরক্ষা খাতকেও আধুনিক করা উচিত। প্রধানমন্ত্রী বলেন, “প্রথম দিন থেকেই (আমার) সরকার স্পষ্ট করে দিয়েছে যে, দেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য যা যা করা প্রয়োজন, সব করা হবে।”

কথা প্রসঙ্গে গত বছরের সিঁদুর অভিযানে ভারতের সাফল্যের কথাও তুলে ধরেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, “সামরিক বাহিনীর বীরত্বের জন্য গোটা দেশ গর্বিত। গত এক দশকে আমরা যে সংস্কারগুলি করেছি, তারই সুফল দেখা গিয়েছে অপারেশন সিঁদুরের সময়ে।” একই সঙ্গে তাঁর সংযোজন, “প্রতিরক্ষা বাজেট, আধুনিকীকরণ-সহ বিভিন্ন উদ্যোগ আমাদের নিরন্তর প্রচেষ্টার অঙ্গ। এগুলিকে কোনও একটি নির্দিষ্ট ঘটনার সঙ্গে জুড়ে দেখার প্রয়োজন নেই।”

Advertisement

অপারেশন সিঁদুর থেকে শিক্ষা নিয়েই কি আগামী অর্থবর্ষের জন্য প্রতিরক্ষা খাতে এই ঢালাও বরাদ্দ করা হয়েছে? এই ব্যাপক বরাদ্দ কি পাকিস্তান-সহ প্রতিবেশীদের অবিশ্বাসের দিকেই ইঙ্গিত করে? এই প্রশ্নও করা হয় প্রধানমন্ত্রীকে। যদিও প্রধানমন্ত্রীর বক্তব্য, বাস্তব পরিস্থিতির নিরিখেই এই পদক্ষেপ করা হচ্ছে। তিনি বলেন, “বাস্তব পরিস্থিতি হল আমাদের দেশকে শক্তিশালী হতে হবে এবং সব সময় তৈরি থাকতে হবে। আমরা সেই কাজটিই করছি।”

দেশের সামরিক এবং প্রতিরক্ষা পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র কী ভাবে জোর দিচ্ছে, সে বিষয়েই বিস্তারিত বর্ণনা দেন মোদী। আগামী অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা খাতে ৭.৮৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “যে পরিমাণ বরাদ্দ করা হয়েছে, তা গত বাজেটের চেয়ে প্রায় ১৫ শতাংশ বেশি। শুধু তা-ই নয়, অন্য যে কোনও মন্ত্রকের চেয়ে বেশি বরাদ্দ করা হয়েছে প্রতিরক্ষায়।” তবে মোদীর দাবি, এটি কোনও আকস্মিক পদক্ষেপ নয়। গত ১১ বছর ধরে এনডিএ সরকার প্রতিরক্ষা খাতে আধুনিকীকরণ এবং আত্মনির্ভরতা বৃদ্ধির জন্য কাজ করে আসছে।

সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণকে যে তাঁর সরকার অগ্রাধিকারের ভিত্তিতে দেখছে, তা-ও স্পষ্ট করে দেন মোদী। তিনি জানান, আগামী অর্থবর্ষের বাজেটে প্রতিরক্ষা খাতে যে বরাদ্দ হয়েছে, তার মধ্যে ১.৮৫ লক্ষ কোটি টাকাই বরাদ্দ হয়েছে আধুনিকীকরণের জন্য। এটিও গত বছরের বাজেট বরাদ্দের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। দেশের তিন বাহিনীর জন্য মূলধনী ব্যয়ে বরাদ্দ হয়েছে প্রায় ২.২ লক্ষ কোটি টাকা। এর মধ্যেও প্রায় ৭৫ শতাংশ দেশীয় সংস্থাগুলি থেকে প্রতিরক্ষা সামগ্রী কেনার জন্য বরাদ্দ রাখা আছে।

ঘটনাচক্রে, আগামী মঙ্গলবারই প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ভারত এবং ফ্রান্সের দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে। ওই দিনই ভারতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। তার আগে দেশের প্রতিরক্ষা খাতে দিল্লির আগামীর পরিকল্পনা বুঝিয়ে দিলেন মোদী। বস্তুত, ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লক্ষ কোটি টাকায় ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনতে চাইছে ভারত। গত বৃহস্পতিবারই এই চুক্তির জন্য অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের ডিফেন্স অ্যাকুইজ়িশন কাউন্সিল (ডিএসি)।

প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকার নিয়ে ইতিমধ্যে খোঁচা দিতে শুরু করেছে কংগ্রেস। তাদের মন্তব্য, এর মাধ্যমে প্রধানমন্ত্রীর আত্মপ্রচারের মরিয়া চেষ্টা করেছেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের বক্তব্য, “প্রধানমন্ত্রী জানেন যে এই বছরের বাজেটে বিশেষ কিছুই নেই। বুদ্ধিমত্তার অভাবের প্রতিটি লক্ষণ রয়েছে এখানে। শেয়ার বাজারে বিরূপ প্রতিক্রিয়া পড়েছে। বিনিয়োগকারীদের টানতে পারেনি এই বাজেট। তাই বাজেট পেশের ১৫ দিন পরে তাঁর এই সাক্ষাৎকার দেওয়ার প্রয়োজন হয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement