— প্রতীকী চিত্র।
পুলিশের চাকরি থেকে অবসর নেওয়ার আর মাত্র কয়েকটা সপ্তাহ বাকি ছিল। তার আগেই, গত কাল হরিয়ানার ফরিদাবাদের একটি মেলায় প্রকাণ্ড জয় রাইড ভেঙে পড়তে দেখে ছুটে গিয়েছিলেন দুর্গতদের রক্ষা করতে। অনেকের প্রাণ বাঁচিয়ে শেষে নিজের জীবন দিলেন ইনস্পেক্টর জগদীশ প্রসাদ (৫৮)।
উত্তরপ্রদেশের মথুরা জেলায় আদি বাড়ি জগদীশের। আগামী ৩১ মার্চ অবসরের পরে সেখানেই ফিরে গিয়ে চাষবাস করবেন বলে ঠিক করেছিলেন। সপরিবার থাকতেন ফরিদাবাদের পুলিশ লাইনের সরকারি কোয়ার্টার্সে। রয়েছেন স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে। গত কাল খুব ভিড় হবে ভেবেই বাড়ির কাউকে মেলায় না আসতে বলেছিলেন জগদীশ।
সন্ধ্যা সওয়া ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ‘সুনামি রাইড’ বলে পরিচিত উচ্চ ক্ষমতার ইলেকট্রিক দোলনাটি পূর্ণ গতিতে চলার সময় হঠাৎ এক দিকের জোড় ভেঙে যায়। বিপজ্জনক ভাবে সেটি হেলে পড়তে দেখে ছুটে যান জগদীশ। মাটি থেকে কয়েক ফুট উপরে ঝুলতে থাকা দোলনা থেকে আরোহীদের বার করে আনছিলেন। সেই সময়ে পুরো কাঠামো তাঁর উপরে ভেঙে পড়ে। দুর্ঘটনায় ১২-১৩ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন তিন পুলিশকর্মী।
৩৬ বছর আগে জগদীশ চাকরিতে যোগ দিয়েছিলেন কনস্টেবল হিসেবে। শেষে ছিলেন ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চের ইনচার্জ। ২০১৯ সালে পান পুলিশ মেডেল। আজ মথুরায় নিজের গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হয়েছে তাঁর। হরিয়ানা সরকার তাঁর পরিবারের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ ও এক জনের চাকরির ঘোষণা করেছে। জয় রাইড চালানো সংস্থাটির মালিক এবং এক কর্মীকে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে