পরীক্ষা কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্তর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে কাঠগড়ায় পটনা পুলিশ। বুধবার রাতে অস্বাভাবিক মৃত্যু হয় বাহাদুরপুর থানার পঞ্চবটি কলোনির দিবাকর সিংহের। পটনা পুলিশের তরফে ঘটনাটিকে আত্মহত্যা হলে দাবি করা হলেও মৃতের ছেলে বিক্রম সিংহ স্থানীয় থানায় ছ’জন পুলিশকর্মীর বিরুদ্ধে খুনের মামলা করেন। বিক্রমের অভিযোগ, বুধবার রাতে বাড়িতে এসে দিবাকরবাবুকে মারধর করেন এক দল পুলিশ। তার পর তাঁরা তাঁকে তুলে নিয়ে যান।
পরীক্ষা কেলেঙ্কারিতে বিহার বোর্ডের চেয়ারম্যান লালকেশ্বর প্রসাদ, তাঁর স্ত্রী প্রাক্তন বিধায়ক ঊষা সিংহ, বিষুণ রায় কলেজের অধ্যক্ষ বাচ্চা যাদব-সহ একাধিক প্রভাবশালী ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত দিবাকর সিংহ একটি কাগজ কল ও ছাপাখানার মালিক ছিলেন। তাঁর ছাপাখানা থেকেই পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র ছাপা হতো বলে তদন্তে জানতে পেরেছিল পুলিশ। বেশ কিছু দিন ধরেই তিনি নিখোঁজও ছিলেন। অভিযোগ, আমদাবাদের একটি সংস্থা প্রশ্ন ছাপার বরাত পেলেও পরে সেই বরাত দেওয়া হয় দিবাকরবাবুকেই। তাঁর বাড়ি থেকে প্রায় ৩৫ কেজি প্রশ্ন ও উত্তরপত্র উদ্ধার করেছিল পুলিশ। পটনার এসএসপি মনু মহারাজ বলেন, ‘‘তদন্ত চলেছে। তাই এখনই এ নিয়ে কিছু বলা সম্ভব নয়।’’