Narendra Modi

মোদীর ফ্রান্স সফরে কথা হতে পারে ট্রাম্পের সঙ্গে

জি৭ বৈঠকে যোগ দিতে ফ্রান্সে পৌঁছবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। স্বাভাবিক ভাবেই নয়াদিল্লির আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মোদী-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ০৮:৩৯
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

আসন্ন জি৭ বৈঠকে আমন্ত্রিত সদস্য হিসেবে যোগ দিতে ফ্রান্স যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৪ তারিখ থেকে পাঁচ দিনের এই সফরে তিনি যাবেন ইউক্রেন সীমান্তবর্তী রাষ্ট্র স্লোভাকিয়াতেও। আজ সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব (পশ্চিম) সিবি জর্জ জানিয়েছেন, এই সফর রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আদানপ্রদানের সুযোগ তৈরি করবে।

জি৭ বৈঠকে যোগ দিতে ফ্রান্সে পৌঁছবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। স্বাভাবিক ভাবেই নয়াদিল্লির আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মোদী-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে, সেই সঙ্গে রয়েছে ভারতের উপরে নতুন শুল্ক চাপানোর অনিশ্চয়তা। পশ্চিম এশিয়ার অস্থিরতার মধ্যে জ্বালানি ক্ষেত্রে গোটা বিশ্ব জুড়েই যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে, ভারত তার ভুক্তভোগী।

সফরের প্রথম পর্বে মোদি ১৩ ও ১৪ জুন ফ্রান্সের নিস শহরে যাবেন, যেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকঁর-র সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা রয়েছে। দুই নেতা যৌথ ভাবে ‘ভারত ইনোভেটস’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন, যা ভারত, ফ্রান্স এবং অন্যান্য দেশের শীর্ষস্থানীয় স্টার্ট আপ, উদ্ভাবক, পুঁজি এবং প্রযুক্তি জগতের কর্তাদের একত্রিত করবে। সফরের দ্বিতীয় পর্বে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর আমন্ত্রণে মোদী ১৪ থেকে ১৬ জুন পর্যন্ত সে দেশে সফর করবেন।

প্রসঙ্গত, ১৯৯৩ সালে চেকোস্লোভাকিয়ার বিলুপ্তি ঘটিয়ে স্লোভাকিয়া একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পর, এই সফরটিই হবে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। উভয় দেশ মোটরগাড়ি উৎপাদন, রেল পরিকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তির মতো খাতে সহযোগিতা জোরদার করার সুযোগ অন্বেষণ করবে বলে আশা করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন