India Bangladesh Relation

ইদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেককে চিঠি লিখলেন মোদী, দুই দেশের সম্পর্ক নিয়েও বার্তা

চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে ইদ উদ্‌যাপিত হবে শনিবার। ইদের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমানকে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের সম্পর্কের প্রসঙ্গও তুলেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ২১:৩৮
Share:

(বাঁ দিকে) বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)। —ফাইল চিত্র।

ইদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় করার বার্তাও দিয়েছেন। বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।

Advertisement

চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার বাংলাদেশে ইদ পালিত হচ্ছে না। সে দেশের সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, বাংলাদেশে ইদ উদ্‌যাপিত হবে শনিবার। মোদী তাঁর শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ‘‘ভারতের মানুষ এবং ভারত সরকারের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের মানুষকে ইদ-উল-ফিতরের শুভেচ্ছা। গত এক মাস ধরে ভারত-সহ গোটা বিশ্বের মুসলিমরা নিষ্ঠার সঙ্গে রমজান মাস পালন করেছেন। ইদের উদ্‌যাপন তাঁদের সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং একতার মতো চিরন্তন মূল্যবোধগুলিকে স্মরণ করিয়ে দেয়।’’ এর পরেই দুই দেশের পারস্পরিক সম্পর্কের কথা তোলেন মোদী। চিঠিতে লেখেন, ‘‘বিশ্বের সকলের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের এই দুই দেশের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক।’’

গত মাসে বাংলাদেশে ক্ষমতায় এসেছে তারেকের দল বিএনপি। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের শাসনভার ছিল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হাতে। সেই সময় ভারতের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের অবনতি হয়েছিল। বরং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে নিয়েছিল ঢাকা। তারেক ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বার্তাই দিয়েছেন। এখনও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা ভারতে আশ্রয়ী। তাঁকে ফেরত চেয়ে ঢাকার লেখা চিঠির কোনও জবাব দেয়নি নয়াদিল্লি। অনেকে আশঙ্কা করেছিলেন, হাসিনা প্রসঙ্গে তারেকের সরকারের সঙ্গে দিল্লির সম্পর্কের আরও অবনতি হতে পারে। কিন্তু এখনও পর্যন্ত তেমন ইঙ্গিত মেলেনি। তারেকের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারত সরকার লোকসভার স্পিকার ওম বিড়লাকে ঢাকায় পাঠিয়েছিল। এ বার ইদের শুভেচ্ছা জানিয়ে তারেককে লেখা চিঠিতেও সুসম্পর্কের বার্তাই দিলেন মোদী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement