পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। —ফাইল চিত্র।
জোড়া বিস্ফোরণের জন্য বিজেপিকে দুষলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান! বুধবার তিনি বলেন, “বিজেপি যেখানেই নির্বাচনে জিততে সক্রিয় হয়, সেখানেই এ ধরনের ঘটনা ঘটে।” আম আদমি পার্টি (আপ)-র নেতা মানের অভিযোগ, আগামী বছরের পঞ্জাব বিধানসভা ভোটে ‘জাতীয়তাবাদী তাস’ উস্কে দিতেই এমন পদক্ষেপ করেছে বিজেপি।
আগামী বছরের গোড়ায় পঞ্জাবে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগে মানের এই অভিযোগের কড়া সমালোচনা করেছে বিজেপি। প্রসঙ্গত, মঙ্গলবার রাতে জালন্ধরে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদর দফতরের সামনে দাঁড় করানো একটি স্কুটারে বিস্ফোরণ হয়। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। ঘটনার পর পরই ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়। পুলিশ সূত্রে খবর, বিএসএফের সদর দফতরের কাছে দাঁড় করানো স্কুটিতে বিস্ফোরণ হয়। এ রকম একটি স্পর্শকাতর জায়গায় কী ভাবে স্কুটি দাঁড় করিয়ে রেখে গেলেন কেউ, কারও নজরে কেন পড়ল না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। স্কুটারে কোনও বিস্ফোরক রাখা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
জালন্ধরের পুলিশ কমিশনার ধনপ্রীত কউর রনধওয়া জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কোনও জঙ্গি কার্যকলাপ নয় এটি। যদিও সমাজমাধ্যমে পোস্ট করে খলিস্তান লিবারেশন আর্মি (কেএলএ) এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে। বিস্ফোরণের দু’ঘণ্টার মধ্যেই অমৃতসরে সেনাছাউনির বাইরেও বিস্ফোরণ হয়। খাসা রোডে সেনাছাউনির বাইরেই এই ঘটনা ঘটে। তার জেরে সেনাছাউনির সীমানাপ্রাচীর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বোমাজাতীয় কোনও জিনিস সেনাছাউনির পাঁচিলে ছুড়ে মারা হয়েছিল।