Parliament Budget Session

সংসদ চত্বরে কংগ্রেসত্যাগী বিজেপি সাংসদকে ‘বিশ্বাসঘাতক বন্ধু’ বলে খোঁচা রাহুলের! পাল্টা শুনতে হল ‘দেশের শত্রু’

মকর দ্বারের সিঁড়িতে দাঁড়িয়ে সামনে থাকা বিজেপি সাংসদের দিকে হাত বাড়িয়ে দেন রাহুল। বলেন, “আমার বিশ্বাসঘাতক বন্ধু! ঘাবড়ে যেও না। তুমি ফিরে আসবে (কংগ্রেসে)।” বিট্টু অবশ্য রাহুলের সঙ্গে হাত মেলাতে রাজি হননি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২২
Share:

রাহুল গান্ধী। —ফাইল চিত্র।

কংগ্রেসত্যাগী বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীকে ‘বিশ্বাসঘাতক বন্ধু’ বলে সম্বোধন করলেন রাহুল গান্ধী। পরিবর্তে রায়বরেলীর কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতাকে বলা হল ‘দেশের শত্রু’! বুধবার সকালেই রাহুল এবং কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিংহ বিট্টুর মধ্যে এমনই বাদানুবাদের সাক্ষী থাকল সংসদ চত্বর।

Advertisement

বুধবার সংসদে বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে মকর দ্বারের কাছে বিক্ষোভ দেখাচ্ছিলেন কংগ্রেস সাংসদেরা। ওই সাংসদদের হাতে ছিল একটি ব্যানার, যাতে লেখা ‘প্রধানমন্ত্রী আপস করেছেন’। ভারত-মার্কিন বাণিজ্যসমঝোতায় আমেরিকাকে প্রধানমন্ত্রী মোদী সুবিধা পাইয়ে দিয়েছেন বলে মঙ্গলবারই অভিযোগ করেছিলেন রাহুল। কংগ্রেস সাংসদদের বিক্ষোভ চলার সময় মকর দ্বারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী বিট্টু।

বিট্টুকে দেখেই কংগ্রেস সাংসদদের উদ্দেশে রাহুল বলেন, “বিশ্বাসঘাতক হেঁটে আসছে। ওঁর মুখের দিকে দেখুন।” তার পরেই মকর দ্বারের সিঁড়িতে দাঁড়িয়ে সামনে থাকা বিট্টুর দিকে হাত বাড়িয়ে দেন রাহুল। বলেন, “আমার বিশ্বাসঘাতক বন্ধু! ঘাবড়ে যেও না। তুমি ফিরে আসবে (কংগ্রেসে)।” বিট্টু অবশ্য রাহুলের সঙ্গে হাত মেলাতে রাজি হননি। উল্টে তিনি রাহুলকে ‘দেশের শত্রু’ বলে কটাক্ষ করে চলে যান। তার পরেই কংগ্রেস সাংসদেরা হইচই শুরু করে দেন। হাত দেখিয়ে তাঁদের থামতে বলেন রাহুল।

Advertisement

প্রসঙ্গত, পঞ্জাবের নেতা বিট্টু কংগ্রেসের তিন বারের সাংসদ ছিলেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। ওই বছরই আমেরিকায় সফররত রাহুলের শিখ ধর্ম সংক্রান্ত একটি মন্তব্যের সমালোচনা করেছিলেন বিট্টু। সরাসরি রাহুলকে নিশানা করে কংগ্রেস নেতাকে ‘দেশের এক নম্বর জঙ্গি’ বলে তোপ দাগেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement