Rahul Slams Modi

‘এটা উত্তর কোরিয়া নয়’, রাহুলের তোপে মোদী

কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভির অভিযোগ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ বিরোধকে সন্ত্রাসবাদ বলাটা গণতন্ত্রের হত্যা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৪
Share:

রাহুল গান্ধী। ফাইল চিত্র।

“এটা ভারত, উত্তর কোরিয়া নয়”—দিল্লির এআই সম্মেলনে বিক্ষোভের জন্য যুব কংগ্রেসের নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ নিয়ে আজ রাহুল গান্ধী নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অভিযোগ, ‘‘আজ ভারতে আপস করে ফেলা প্রধানমন্ত্রীর রাজত্বে শান্তিপূর্ণ বিরোধিতা করাও সর্বোচ্চ অপরাধ।’’

আমেরিকার এপস্টিন ফাইল ও গৌতম আদানিকে আমেরিকার বিচার বিভাগের সমন—এই জোড়া চাপের মুখে প্রধানমন্ত্রী আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিতে ‘আপস’ করেছেন বলে রাহুল সংসদে অভিযোগ তোলেন। সেই ‘কমপ্রোমাইজ়ড পিএম’ টি-শার্টে লিখেই যুব কংগ্রেসের নেতা-কর্মীরা এইআই সম্মেলনে জামা খুলে বিক্ষোভ দেখান। তার পরে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশ যুব কংগ্রেসের সভাপতি-সহ ১১ জনকে গ্রেফতার করে।

আজ কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভির অভিযোগ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ বিরোধকে সন্ত্রাসবাদ বলাটা গণতন্ত্রের হত্যা। যুব কংগ্রেসের শান্তিপূর্ণ প্রতিবাদে কাউকে আঘাত বা ভাঙচুর করা হয়নি। অন্য দিকে, বিজেপির দাবি, দিল্লি পুলিশ যুব কংগ্রেস নেতাদের গ্রেফতার করতে হিমাচলে যাওয়ার পরে রাজ্যের কংগ্রেস সরকারের পুলিশ দিল্লি পুলিশের অফিসারদের আটক করেছিল। এই ঘটনার কেন্দ্রীয় সংস্থার তদন্ত প্রয়োজন।

রাহুল মনে করিয়ে দেন, এর আগে চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ, যৌন হেনস্থার প্রতিবাদে বসা মহিলা কুস্তিগিরদের ক্ষেত্রে বা কৃষক আন্দোলন অথবা বায়ুদূষণ নিয়ে প্রতিবাদেও পুলিশ হস্তক্ষেপ করেছে। এখন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির ফলে কৃষকদের হয়ে যুব কংগ্রেস শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাতে গেলে তাঁদের ‘দেশবিরোধী’ বলা হচ্ছে। কেরলের কান্নুরে আজ বলেন, ‘‘মোদীজি, এটা উত্তর কোরিয়া নয়, ভারত। এখানে সরকার নিজেকে রাষ্ট্র মনে করলে, ভিন্ন মতকে শত্রু মনে করলে, গণতন্ত্র শেষ হয়ে যাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন