সুষমার দলিত মন্তব্য ঘিরে ফের শুরু জলঘোলা

ছাত্র আন্দোলনের জেরে প্রায় দু’সপ্তাহ ধরে বন্ধ ছিল ক্লাস। অবশেষে কাল থেকে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হতে পারে বলে ইঙ্গিত দিলেন ভারপ্রাপ্ত উপাচার্য এম পেরিয়াসামি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:৫১
Share:

ছাত্র আন্দোলনের জেরে প্রায় দু’সপ্তাহ ধরে বন্ধ ছিল ক্লাস। অবশেষে কাল থেকে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হতে পারে বলে ইঙ্গিত দিলেন ভারপ্রাপ্ত উপাচার্য এম পেরিয়াসামি। তিনি জানান, বিক্ষোভকারীরাও চান শীঘ্রই শুরু হোক ক্লাস আর প্রশাসনিক কাজ। কিন্তু তার মধ্যেই আত্মঘাতী ছাত্র রোহিত ভেমুলার দলিত পরিচয় নিয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মন্তব্যে ফের জলঘোলা শুরু হয়েছে।

Advertisement

১৭ জানুয়ারি আত্মহত্যা করেন হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহিত ভেমুলা। সুইসাইড নোটে সরাসরি কারও নাম না নিলেও দলিত বলেই তাঁকে নানা হেনস্থার শিকার হতে হয়েছে বলে সারা দেশে বিতর্কের ঝড় ওঠে। তার পর থেকে ছাত্র আন্দোলন আর বিক্ষোভের জেরে বন্ধ বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং প্রশাসনিক কাজকর্মও।

আজ আবার রোহিতকে নিয়ে সুষমার মন্তব্যে নতুন বিতর্ক শুরু হয়েছে। রোহিতের আত্মহত্যার পর থেকেই অভিযোগ উঠেছিল, কেন্দ্র তথা শাসক দলের নেতাদের দলিত-বিরোধী মনোভাবেই আত্মহত্যা করতে বাধ্য হন গবেষণারত ওই ছাত্রটি। ঘটনার পর থেকে বিরোধীরা চড়া সুরে বিজেপিকে দলিত-বিরোধী দল হিসেবে আক্রমণ করায় অস্বস্তিতে পড়ে যান নরেন্দ্র মোদী-অমিত শাহেরা। শেষে মুখ খুলতে হয় প্রধানমন্ত্রীকেও। তিনি ছাত্রটির সামাজিক অবস্থান নিয়ে মন্তব্য না করলেও পাল্টা আক্রমণে নামে বিজেপি। রোহিতের জন্মের শংসাপত্র প্রকাশ্যে এনে প্রমাণ করার চেষ্টা হয় তিনি আসলে দলিত নন। অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) শ্রেণিভুক্ত। বিরোধীরা শুধু রাজনৈতিক ফায়দা নিতে রোহিতের নামের সঙ্গে দলিত শব্দটি জুড়ে দিয়েছেন। সেই সূত্রেই সুষমার দাবি, ‘‘আমি যত দূর জানি রোহিত দলিত নন। জাতিগত পরিচয় নিয়ে বিতর্ক ভিত্তিহীন।’’

Advertisement

রোহিতের মা রাধিকা জানান, রোহিতের বাবা ওবিসি এবং তিনি দলিত শ্রেণির প্রতিনিধি। রোহিত যখন খুব ছোট সে সময়ে তাঁর স্বামী তাঁদের ছেড়ে চলে যান। সেই থেকে নিজের দলিত পরিচয়ে রোহিত ও অন্য সন্তানদের বড় করেন তিনি। রোহিতের জাতিগত প্রমাণপত্রেও তিনি যে দলিত সে কথা উল্লেখ রয়েছে। ভেমুলা পরিবারের অভিযোগ, শুধু দলিত-বিরোধী তকমা মুছতেই রোহিতের দলিত পরিচয় খণ্ডন করতে সক্রিয় হয়েছে বিজেপি।

কাল রোহিতের জন্মদিন উপলক্ষে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় গিয়েছিলেন রাহুল গাঁধী। আসন্ন বাজেট অধিবেশনে এ নিয়ে শাসক দলকে একঘরে করতে তৎপর হয়েছে কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement