Lockdown in India Rumours

‘লকডাউনের কোনও প্রস্তাব নেই, সবটাই গুজব’! জানালেন কেন্দ্রীয় মন্ত্রী, পেট্রল-ডিজ়েলে অন্তঃশুল্ক হ্রাসেরও ব্যাখ্যা দিলেন

পেট্রল ও ডিজ়েলের উপর লিটার প্রতি ১০ টাকা করে অন্তঃশুল্ক কমানো হয়েছে। পেট্রলের উপর চাপানো শুল্ক ১৩ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৩ টাকায়। আর ডিজ়েলের অন্তঃশুল্ক নেমে এসেছে শূন্যে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১২:২৯
Share:

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পেট্রল, ডিজ়েলের মতো জ্বালানি তেলে অন্তঃশুল্ক কেন কমাল নরেন্দ্র মোদী সরকার? তার ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী। পাশাপাশি এ-ও জানিয়েছেন, লকডাউন সম্পর্কিত সব খবরই ভুয়ো! এমন কোনও সম্ভাবনা নেই। বর্তমানে লকডাউন নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। মানুষও বিভ্রান্ত। এ বার কেন্দ্রীয় মন্ত্রী সেই জল্পনায় জল ঢাললেন।

Advertisement

শুক্রবার হরদীপ জানান, বর্তমান পরিস্থিতিতে সরকারের কাছে মাত্র দু’টি পথ খোলা ছিল। সব দিক বিবেচনা করে দেশবাসীকে পেট্রল, ডিজ়েলের মূল্যবৃদ্ধি থেকে রক্ষা করতেই সরকার অন্তঃশুল্কের পরিমাণ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এতে সরকারের আর্থিক ক্ষতি হবে, তা-ও বুঝিয়ে দিয়েছেন হরদীপ।

পেট্রল, ডিজ়েলের উপর অন্তঃশুল্ক কমানো নিয়ে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। তার পরেই এক্স পোস্টে সরকারের এই পদক্ষেপের ব্যাখ্যা দেন হরদীপ। লেখেন, ‘‘গত এক মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। ব্যারেল প্রতি ৭০ ডলার থেকে বেড়ে প্রায় ১২২ ডলার হয়েছে। ফলস্বরূপ, বিশ্ব জুড়ে ভোক্তাদের পেট্রল, ডিজ়েল কিনতে বেশি টাকা দিতে হচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে ৩০-৫০ শতাংশ, উত্তর আমেরিকার দেশগুলিতে ৩০ শতাংশ, ইউরোপে ২০ শতাংশ এবং আফ্রিকার দেশগুলিতে ৫০ শতাংশ দাম বৃদ্ধি পেয়েছে।’’

Advertisement

তার পরেই কেন্দ্রীয় মন্ত্রী জানান, এই পরিস্থিতিতে মোদী সরকারের সামনে দু’টি পথ খোলা ছিল। প্রথমত, অন্য দেশের মতো পেট্রল, ডিজ়েলের দাম বাড়িয়ে ভারতীয় তৈল সংস্থাগুলির ক্ষতিপূরণ করা। দ্বিতীয়ত, সরকারের আর্থিক চাপ মেনে নিয়ে দেশবাসীদের সুরক্ষিত করা। বিবেচনা করে দ্বিতীয় পথটিই বেছে নেওয়া হয়েছে বলে জানান হরদীপ। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক বাজারের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির কারণে ভারতীয় সংস্থাগুলির বিপুল ক্ষতি লাঘব করতে এই পদক্ষেপ সরকারের।

পুরী জানান, ভারতে লকডাউন হওয়ার গুজব ভিত্তিহীন এবং ভুয়ো। মন্ত্রীর কথায়, ‘‘আমি পরিষ্কার করে বলতে চাই, ভারত সরকার এমন কিছু নিয়ে ভাবনাচিন্তা করছে না। বর্তমান পরিস্থিতিতে আমাদের শান্ত এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। আরও বেশি দায়িত্বশীল হতে হবে। আতঙ্ক বা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন সকলে।’’

উল্লেখ্য শুক্রবারই জানা গিয়েছে যে, সরকার পেট্রল ও ডিজ়েলের উপর লিটার প্রতি ১০ টাকা করে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের পর পেট্রলের উপর চাপানো শুল্ক ১৩ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৩ টাকায়। আর ডিজ়েলের অন্তঃশুল্ক নেমে এসেছে শূন্যে। যা আগে লিটার প্রতি ১০ টাকা ছিল। আপাতদৃষ্টিতে সরকারের এই সিদ্ধান্তের ফলে ভারতের বাজারে পেট্রল, ডিজ়েলের দাম কমছে না। অনেকের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির সঙ্গে সাযুজ্য রক্ষা করতেই পেট্রল ও ডিজ়েলের উপর অন্তঃশুল্ক কমাল কেন্দ্র। বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি হওয়ায় ভারতেও তার প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তের পর আপাতত ভারতে পেট্রল, ডিজ়েলের দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement