ফাইল চিত্র। পিটিআই।
পাকিস্তান রেঞ্জার্সদের অনবরত গুলিবর্ষণ ও মর্টার হামলায় রবিবার সকালে আরও এক জনের মৃত্যু হল। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। আহতের সংখ্যা ১৫। শনিবার সকাল থেকেই জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে সীমান্ত লাগোয়া গ্রামগুলি লক্ষ্য করে গুলি ও মর্টার ছোড়ে পাক সেনারা। তাদের ছোড়া গুলিতে ও মর্টার হানায় নিহত হন এক শিশু-সহ ৫ জন। পুলিশ জানিয়েছেন, ওই দিনই পাক রেঞ্জার্সদের হামলায় গুরুতর জখম হন এক মহিলা। এ দিন সকালে তাঁর মৃত্যু হয়।
নিয়ন্ত্রণরেখা বরাবর বার বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করায় ক্ষুব্ধ ভারত। নয়াদিল্লিতে পাক হাইকমিশনার আব্দুল বাসিতের কাছে ক্ষোভের কথা জানাবে কেন্দ্রীয় সরকার। এ নিয়ে আব্দুল বাসিতকে তলব করা হয়েছে বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর।
সূত্রের খবর, বিদেশ মন্ত্রকের সচিব (পূর্ব) অনিল ওয়াধা এই চুক্তি লঙ্ঘন নিয়ে ভারতের তীব্র অসন্তোষের কথা বাসিতকে জানাবেন। এ দিন ছাড়া স্বাধীনতা দিবসের প্রাক্কালেও পাকিস্তান হামলা চালায়। ওই ঘটনায় নিহত হনয়েছেন ভারতের পাঁচ নাগরিক। জখম হয়েছেন পাঁচ গ্রামবাসী।
গত ২৬ জুলাই থেকে এখনও পর্যন্ত মোট ১৯২ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাক সেনারা। নিহত ও আহত হয়েছেন বেশ কয়েক জন জওয়ান ও গ্রামবাসী।