প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
শেষপর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শর্ত মেনে ইরানে সর্বোচ্চ নেতা মোজ়তবা খামেনেই স্থায়ী যুদ্ধবিরতির পথে পা বাড়াবেন কি না, স্পষ্ট নয়। তবে পরিস্থিতি যে দিকেই গড়াক না কেন, হরমুজ় প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলে কোনও সমস্যা হবে না বলেই বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে। ওই সূত্রের দাবি, ইরানের অবরোধ এবং নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ ওই জলপথ দিয়ে ভারতমুখী তেল ও গ্যাসবাহী জাহাজের যাতায়াত অব্যাহত রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালিয়েছিল ইজ়রায়েল এবং আমেরিকা। প্রত্যাঘাত করেছিল ইরানও। সেই সঙ্গে তেহরান জানিয়ে দিয়েছিল, হরমুজ় প্রণালী দিয়ে তারা কোনও বাণিজ্যিক জাহাজ চলাচল করতে দেবে না। ইরানের হুঁশিয়ারির পর ওই প্রণালীর দুই প্রান্তে দাঁড়িয়ে পড়েছিল শতাধিক জাহাজ। ভারতেরও প্রায় দু’ডজন তেল এবং গ্যাসবাহী জাহাজ ছিল সেই তালিকায়। এর পরেই কূটনৈতিক তৎপরতা শুরু হয় নয়াদিল্লির তরফে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে একাধিক বার ফোনে কথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
নয়াদিল্লির আবেদনে সাড়া দিয়ে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে হরমুজ় দিয়ে পণ্যবাহী ভারতীয় জাহাজ চলাচলের ছাড়পত্র দিয়েছিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েসকিয়ানের সরকার। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের সংযোগরক্ষাকারী ২১ মাইলের ‘চোক পয়েন্ট’ হরমুজ় প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহণ করা হয়। হরমুজ়ে ইরানের অবরোধ এবং তার প্রতিক্রিয়া প্রণালীর অদূরে মার্কিন নৌসেনার অবস্থান আন্তর্জাতিক জ্বালানি বাজারকে নাড়িয়ে দিয়েছে। এশিয়া-সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে বৃহত্তর অর্থনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কা তৈরি করেছে। যার প্রত্যক্ষ ও নেতিবাচক প্রভাব পড়েছে ভারতেও। কিন্তু এখনও ইরান সরকার হরমুজ় প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলে বাধা না দেওয়ায় তুলনামূলক স্বস্তিতে রয়েছে নয়াদিল্লি।
হরমুজ় প্রণালীতে ভারতীয় জাহাজ চলাচলের বিষয়টি নিয়ে কূটনৈতিক স্তরে তেহরানের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখা হচ্ছে বলে শুক্রবার জানিয়েছেন জাহাজ ও বন্দর মন্ত্রকের অন্তর্গত নৌপরিবহণ বিষয়ক পরিচালক ওপেশকুমার শর্মা। তিনি বলেন, “ভারত ও ইরানের সঙ্গে আমরা কী ভাবে সমন্বয় করি, কী ভাবে অগ্রাধিকার নির্ধারণ করি, সে বিষয়ে আমি কিছু বলতে চাই না। আমরা বিদেশ মন্ত্রকের মাধ্যমে সমন্বয় করি এবং আমাদের কাজ সেখানেই সীমাবদ্ধ।’’ শুক্রবার একটি আন্তঃমন্ত্রক বৈঠকে নৌপরিবহণ আধিকারিকরা হরমুজ়ের বর্তমান পরিস্থিতিও ব্যাখ্যা করেছেন। এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানিয়ে বলা হয়েছে, বর্তমানে হরমুজ প্রণালীতে প্রায় ১৩টি ভারতীয় পতাকাবাহী জাহাজ রয়েছে। এগুলির মধ্যে রয়েছে একটি এলপিজি ট্যাঙ্কার, পাঁচটি অশোধিত তেল ট্যাঙ্কার, একটি রাসায়নিক পণ্যবাহী ট্যাঙ্কার, তিনটি কন্টেনার জাহাজ, দু’টি বাল্ক ক্যারিয়ার এবং একটি ড্রেজ়ার।