Aadhar Card

আধার: কেন্দ্রকে নোটিস আদালতের

মামলাকারী আইনজীবী অশ্বিনী উপাধ্যায় সুপ্রিম কোর্টের সামনে যুক্তি দিয়েছেন, ২০১৬ সালের আধার আইনের ৯ নম্বর ধারায় বলা হয়েছে, আধারকে নাগরিকত্ব কিংবা বাসস্থানের প্রমাণ হিসেবে গ্রাহ্য করা যায় না।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ০৮:২৪
Share:

—প্রতীকী চিত্র।

নাগরিকত্ব, বয়স, ঠিকানা ও বাসস্থানের প্রমাণ হিসেবে আধার কার্ডের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলে করা মামলায় আজ কেন্দ্রীয় সরকার, রাজ্যগুলি এবং নির্বাচন কমিশনের অবস্থান জানতে চাইল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সামনে মামলাকারীর আর্জি, অন্য বিষয়গুলি ছেড়ে দিয়ে আধার কার্ডকে একমাত্র পরিচয়ের প্রমাণ হিসেবেই ব্যবহার করা হোক।

মামলাকারী আইনজীবী অশ্বিনী উপাধ্যায় সুপ্রিম কোর্টের সামনে যুক্তি দিয়েছেন, ২০১৬ সালের আধার আইনের ৯ নম্বর ধারায় বলা হয়েছে, আধারকে নাগরিকত্ব কিংবা বাসস্থানের প্রমাণ হিসেবে গ্রাহ্য করা যায় না। এ ছাড়া, ২০২৩ সালের ইউআইডিএআই-এর বিজ্ঞপ্তিতেও জানানো হয়েছে, আধার হল পরিচয়ের প্রমাণ, এটি নাগরিকত্ব, ঠিকানা কিংবা জন্ম তারিখের প্রমাণ নয়। মামলাকারীর বক্তব্য, এই স্পষ্ট আইনি অবস্থান থাকা সত্ত্বেও আধারকে বয়সের প্রমাণ, নাগরিকত্ব, ঠিকানা, স্কুলে ভর্তি, সম্পত্তি হস্তান্তর, জন্মের শংসাপত্র, রেশন কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স দেওয়ার মতো বহু কাজে ব্যবহার করা হচ্ছে। নতুন ভোটারের নাম তোলার ফর্ম ৬-এর ক্ষেত্রেও আধারকে জন্মতারিখ ও ঠিকানার প্রমাণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। মামলাকারীর মতে, এই পরিস্থিতিতে অবৈধ অনুপ্রবেশকারীরা আধার কার্ডকে ব্যবহার করে বিভিন্ন পরিচয়পত্র তৈরি করিয়ে নিচ্ছে।

আধার কার্ডকে শুধুমাত্র পরিচয় হিসেবে তুলে ধরতে এবং নাগরিকত্ব, ঠিকানা বা বাসস্থান কিংবা জম্ম তারিখের প্রমাণ হিসেবে ব্যবহারের সুযোগ না দিতে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারগুলি এবং নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ার জন্য শীর্ষ আদালতের সামনে আর্জি জানিয়েছেন আবেদনকারী। অশ্বিনী উপাধ্যায়ের আরও বক্তব্য, ফর্ম ৬-এ জন্মতারিখ ও ঠিকানার প্রমাণ হিসেবে আধার কার্ডের ব্যবহার সংবিধানের অনুচ্ছেদ ১৪, ১৯৫০ সালের জন প্রতিনিধিত্ব আইনের অনুচ্ছেদ ২৩(৪) এবং আধার আইনের অনুচ্ছেদ ৯-এর বিরোধী। ফলে তা কার্যকর হওয়ার প্রশ্ন ওঠে না।

আবেদনে যুক্তি দেওয়া হয়েছে যে, আধার আইন অনুযায়ী, ভারতের নাগরিকেরা এমনকি বিদেশিরাও আধার কার্ড পেতে পারেন। যদি কেউ বছরে ১৮২ দিন ভারতে থাকেন, তা হলেই তিনি আধার কার্ড পাওয়ার যোগ্য বিবেচিত হন। আধার নথিভুক্ত কেন্দ্রে বাড়ি ভাড়ার নথি কিংবা স্থানীয় প্রশাসনের সুপারিশের নথি থাকলেই আধার কার্ড মিলতে পারে। মামলাকারীর মতে, অবৈধ অনুপ্রবেশকারীরা আধার কার্ড হাতে পেলেই ভোটার কার্ড-সহ অন্যান্য নথি জোগাড় করে ফেলছে। যা দেশের নিরাপত্তার জন্য বিপদ। এই বক্তব্যের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি ভি মোহানার বেঞ্চ আজ কেন্দ্র ও রাজ্যগুলিকে নোটিসজারি করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন