সুপ্রিম কোর্ট। — ফাইল চিত্র।
বিহারের ভোজপুরের যুবক ভরত ভূষণ তিওয়ারির পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় সিবিআই তদন্তের আর্জিতে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। বরং আবেদনকারীকে পটনা হাই কোর্টে যেতে আজ পরামর্শ দিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতিরা।
এ দিন এই জনস্বার্থ মামলাটি সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দ্রেশ ও বিচারপতি শীল নাগুর বেঞ্চে উঠেছিল। মামলার আবেদনকারী, আইনজীবী বিশাল তিওয়ারিকে বিচারপতিরা বলেন, বিষয়টি নিয়ে পটনা হাই কোর্টে আর্জি জানানো যেতে পারে। কারণ, হাই কোর্ট এই ঘটনার উপর বেশি নজর রেখেছে। সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের বিষয়ে রায় দেবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
আইনজীবী বিশাল তিওয়ারি শীর্ষ আদালতে অভিযোগ করেছিলেন, ভোজপুরে ভুয়ো এনকাউন্টারের নামে ভরত ভূষণ তিওয়ারিকে হত্যা করেছে বিহারের পুলিশ। অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে এফআইআর করা এবং ঘটনার তদন্তে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করার জন্যও সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন তিনি।
১৭ জুন ভরত ভূষণ তিওয়ারিকে হত্যার পর তাঁর বাবা অভিযোগ করেছিলেন, অস্ত্র ফেলে দেওয়ার পর পুলিশ তাঁর ছেলেকে হত্যা করেছে। স্থানীয় মানুষ ও তিওয়ারির বাবার দাবি, আত্মসমর্পণের পরেই ভরত ভূষণকে খুন করা হয়।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে