প্রধান বিচারপতি সূর্য কান্ত।
সমাজমাধ্যমে তাঁর নামে জাতিবিদ্বেষমূলক মন্তব্য রটানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। এই ধরনের প্রবণতাকে তিনি ‘নীচ, নির্লজ্জ এবং ক্ষতিকর’ বলে মন্তব্য করেছেন।
সম্প্রতি সমাজমাধ্যম এক্স-এ একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল, প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেছেন, ‘কোনও একটি সমাজ থেকে কেউ আইএএস, আইপিএস, প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী হওয়ার পরেও যদি তারা নিজেদের শোষিত হিসেবেই দেখতে চায়, তবে সেই দোষ ব্রাহ্মণদের নয়। বরং তা ওই সমাজের মানসিকতার’। এক্স-এ এই পোস্টটি হিন্দিতে করা হয়েছিল। বিষয়টি নজরে আসতে প্রধান বিচারপতি এক বিবৃতিতে বলেছেন, ‘আমার নাম করে যে বক্তব্য সমাজমাধ্যমে প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বিদ্বেষমূলক এবং অসত্য’।
সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া বিবৃতিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, এ ভাবে মনগড়া উক্তি তৈরি করে তা বিচারব্যবস্থার সর্বোচ্চ প্রতিষ্ঠানের নামে চালানোর চেষ্টা আসলে আইনের শাসন এবং বিচারবিভাগের উপর মানুষের আস্থাকে নাড়িয়ে দেয়। তাঁর কথায়, ‘একটি কাল্পনিক উক্তি করে তা বিচারবিভাগের সর্বোচ্চ পদের নামে প্রচার করা চরম অসততা, ইচ্ছাকৃত ভাবে সমাজে উত্তেজনা তৈরি করা এবং সাংবিধানিক মূল্যবোধের অবমাননার শামিল’।
ওই বিবৃতিতে ভুয়ো তথ্য ছড়ানো নিয়ে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতির দফতর সব দায়িত্বশীল নাগরিক, সংবাদমাধ্যম এবং সামাজিক মাধ্যমগুলিকে মিথ্যা এবং মনগড়া বিষয়বস্তু প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে’।
সংবাদ সংস্থা
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে