গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
সংযুক্ত আরব আমিরশাহি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গিয়েছেন নেদারল্যান্ডসে। শনিবার সেখানে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলেন মোদী। ডাচ রাজপরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। রবিবার নেদারল্যান্ডসে তাঁর সফরের শেষ দিন। এই সফর শেষে তিনি চলে যাবেন অপর এক ইউরোপীয় দেশ সুইডেনে। প্রধানমন্ত্রীর এই সফর সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।
আইএসএলে আজ কলকাতা ডার্বি। যুবভারতীতে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল মারকাটারি লড়াই। এ বার লিগ জয়ের দৌড়ে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে এ বার মোট সাতটি দল এখন লিগ জয়ের দৌড়ে রয়েছে। ফলে আজকের ম্যাচের পরেও রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু আজ যারা জিতবে তারা অনেকটাই এগিয়ে যাবে। পেত্রাতোস-কামিংসদের সঙ্গে এজেজারি-মিগুয়েলদের লড়াই সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও ফ্যানকোড অ্যাপে।
আইপিএলে আজ জোড়া ম্যাচ। কেকেআরের নিরিখে দু’টি ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে মুখোমুখি পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে পঞ্জাব হারলে কলকাতার সুবিধা। শ্রেয়স আয়ারের পঞ্জাবের সঙ্গে বিরাট কোহলি-রজত পাটীদারের বেঙ্গালুরুর ম্যাচ বিকেল ৩:৩০ থেকে। এরপর লড়াই দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের। এই ম্যাচে দিল্লি জিতলে সুবিধে রাহানের কলকাতার। এই খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। দু’টি ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
ডাক্তারি পড়ার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার (নিট-ইউজি ২০২৬) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও এক মাথাকে গ্রেফতার করেছে সিবিআই। অভিযুক্ত শিক্ষিকা মনীষা গুরুনাথ মানধারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। দীর্ঘ জেরার পর তাঁকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়। তিনি উদ্ভিদবিদ্যার শিক্ষিকা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-তে মনীষাকে বিশেষজ্ঞ হিসাবে নিযুক্ত করা হয়েছিল। তিনি নিট ইউজির বিভিন্ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। এর আগে পিভি কুলকার্নি নামের এক রসায়নের অধ্যাপককে গ্রেফতার করেছিল সিবিআই! তদন্তকারী সূত্রে দাবি, তিনি এই প্রশ্নফাঁস কাণ্ডের কিংপিন। নিট পরীক্ষার আয়োজক সংস্থা ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি’ (এনটিএ)-র গুরুত্বপূর্ণ আধিকারিক ছিলেন তিনি। ফলে প্রশ্নপত্র দেখার সুযোগ ছিল তাঁর। কুলকার্নির সঙ্গে মনীষার যোগাযোগ ছিল বলেও দাবি সিবিআইয়ের। আজ এই তদন্তের দিকে নজর থাকবে।