জঙ্গি হানার জেরে বিদেশি পর্যটক কমবে না ভারতে, দাবি পর্যটন কর্তার

খোদ বায়ুসেনার ঘাঁটিতেই ঢুকে পড়ছে জঙ্গিরা। জঙ্গি হামলার তিন দিন পরেও সেনাবাহিনীর অভিযান অব্যাহত পাঠানকোটের ওই সেনা ঘাঁটিতে। এই পরিস্থিতিতে ভারতে বেড়াতে আসতে রাজি হবেন ক’জন বিদেশি পর্যটক?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৬ ১৮:২৯
Share:

খোদ বায়ুসেনার ঘাঁটিতেই ঢুকে পড়ছে জঙ্গিরা। জঙ্গি হামলার তিন দিন পরেও সেনাবাহিনীর অভিযান অব্যাহত পাঠানকোটের ওই সেনা ঘাঁটিতে। এই পরিস্থিতিতে ভারতে বেড়াতে আসতে রাজি হবেন ক’জন বিদেশি পর্যটক? ভারতীয় পর্যটন কি ব্যবসা হারাবে? জবাবে পর্যটন শিল্প মহলের অবশ্য দাবি, সন্ত্রাসবাদী কার্যকলাপ এ দেশে বিদেশি পর্যটকের ঢল ঠেকাতে পারবে না।

Advertisement

ভারতে পর্যটনের সম্ভাবনা নিয়ে মঙ্গলবার ইন্ডিয়ান চেম্বারের এক সভার ফাঁকে ‘দি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটর্স (আইওটিও) –এর প্রেসিডেন্ট সুভাষ গোয়েলকে দেশের সাম্প্রতিক জঙ্গি কার্যকলাপ নিয়ে প্রশ্ন করা হয়। তাঁর দাবি, এ জন্য কেন ভারত সম্পর্কে আগ্রহ হারাবেন বিদেশি পর্যটকেরা? তিনি বলেন, ‘‘ফ্রান্স, ব্রিটেন, জাপান, কোন দেশে জঙ্গি কার্যকলাপ নেই? বিশ্বের সর্বত্রই তো সন্ত্রাসবাদী হামলা চলছে। তাও প্যারিস বিশ্বের অন্যতম সেরা গন্তব্য। বাদ নেই অন্যান্য দেশও।’’

বস্তুত, কর্মসংস্থানের সমস্যা বা দারিদ্রকেই এ ধরনের কার্যকলাপের মূল সূত্র হিসেবে দেখছে পর্যটক শিল্পমহল। সুভাষের দাবি, সে সবেরই সুযোগ নিয়ে কিছু মানুষকে এ ধরনের কাজে যুক্ত করা হয়। তিনি বলেন, ‘‘আমি জম্মু ও কাশ্মীরে অনেকের সঙ্গে কথা বলেছি। ওঁরাও চান সেখানে পর্যটনের প্রসার ঘটুক। পর্যটন হলেই বরং এ ধরনের কার্যকলাপ কমবে। কারণ পর্যটনের কোনও ধর্মীয় গণ্ডি নেই।’’ সম্প্রতি বণিক সভা অ্যাসোচেমের এক সমীক্ষাতেও অবশ্য বলা হয়েছিল যে, বর্ষশেষ এবং নতুন বছরের ছুটির মরসুমে দেশি-বিদেশি, দুই ধরনের পর্যটকের সংখ্যা বাড়বে।

Advertisement

প্রশ্ন ওঠে, অনেক দেশই কূটনৈতিক স্তরে ভারতে না আসার সতর্কবার্তা জারি করে। সে ক্ষেত্রে পর্যটকদের আস্থা কতটা অটুট থাকবে? সুভাষ জানাচ্ছেন, তাঁরা সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সঙ্গে কথা বলে গোটা বিষয় ব্যাখ্যা করে পর্যটকদের আস্থা ফেরানোর চেষ্টা করেন। পাশাপাশি রাজ্য স্তরেও এ নিয়ে উদ্যোগের পক্ষে সওয়াল করেন তিনি। সুভাষ বলেন, ‘‘সব রাজ্যকে আমরা বলছি, নিজেদের রাজ্যের বিপণন বা স্লোগান প্রচার করতে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement