Usernames feature of WhatsApp

ফোন নম্বর ছাড়া হোয়াট্‌সঅ্যাপ ব্যবহার বাড়াতে পারে সাইবার অপরাধ, মেটাকে ‘ইউজ়ারনেম’ ফিচার বন্ধের নির্দেশ কেন্দ্রের

কেন্দ্রের তরফে বুধবার হোয়াটসঅ্যাপে ‘ইউজ়ারনেম’ ব্যবস্থা চালুর বিষয়ে মেটাকে নোটিস পাঠানো হয়েছে। ৩ দিনের মধ্যে ‘ইউজ়ারনেম’ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্র।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ২১:১৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ফোন নম্বর ছাড়াই শুধু নাম ব্যবহার করে (ইউজ়ারনেম) হোয়াট্‌সঅ্যাপে বার্তা আদান-প্রদান ব্যবস্থা চালু করতে চলেছে মেটা। কিন্তু ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার নামে শুরু হতে যাওয়া এই ব্যবস্থার সাহায্য নিয়ে যাতে ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা বা অন্যান্য অপরাধ করা সম্ভব না হয়, তা নিশ্চিত করতে সক্রিয় হল কেন্দ্র।

Advertisement

সংবাদসংস্থা এএনআই এবং পিটিআই জানাচ্ছে, কেন্দ্রের তরফে বুধবার হোয়াটসঅ্যাপে ‘ইউজ়ারনেম’ ব্যবস্থা চালুর বিষয়ে মেটাকে নোটিস পাঠানো হয়েছে। ওই নোটিসে মেটাকে ৩ দিনের মধ্যে ‘ইউজ়ারনেম’ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। সেই সঙ্গে জানানো হয়েছে, আলোচনাপর্ব শেষ না হওয়া পর্যন্ত ‘ইউজ়ারনেম’ ব্যবস্থা ভারতে চালু করা যাবে না। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, ইতিমধ্যেই প্রস্তাবিত ‘ইউজ়ারনেম’ নিয়ে আইনি কাঠামো ও আইনের বিভিন্ন ধারা পর্যালোচনা করেছে কেন্দ্র। মেটা-প্রস্তাবিত নতুন ফিচারটি কোনও সঙ্কট ডেকে আনবে কি না, সে সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই সেটি ভারতে ব্যবহারে ছাড়পত্র দেওয়া হবে।

প্রসঙ্গত, সম্প্রতি মেটার তরফে ‘ইউজ়ারনেম ফিচার’ চালুর ঘোষণা করে জানানো হয়েছিল, ফোন নম্বর শেয়ার না করেই যোগাযোগ করার সুযোগ মিলবে নতুন ব্যবস্থায়। ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং এই বছরের শেষ দিকে তা আনুষ্ঠানিক ভাবে চালু হবে। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা বৈধ সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তির নামের মতো দেখতে ‘ইউজ়ারনেম’ গ্রহণ করতে পারে। আর ওই ‘ছদ্মবেশের’ সাহায্য নিয়ে প্রতারণা আবার অন্য অপরাধ ঘটাতে পারে। এর ফলে জন নিরাপত্তা ও সমাজের উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাই এ ক্ষেত্রে কোনও ঝুঁকি নেওয়া হবে না। নটডেটিং-এর সহ-প্রতিষ্ঠাতা তথা সিইও জসপ্রীত সিংহ সেই ঝুঁকির কথা উল্লেখ করে সামাজিক মাধ্যমে লিখেছেন, “ব্যক্তিগত গোপনীয়তা গুরুত্বপূর্ণ। দায়বদ্ধতাও তেমনই গুরুত্বপূর্ণ।’’ পিটিআই-এর প্রতিবেদনে উল্লেখ, ভারতে হোয়াট্‌সঅ্যাপের ৫০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে, যা সোশ্যাল মেসেজিং প্ল্যাটফর্মটির অন্যতম গুরুত্বপূর্ণ বাজার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement