India-US Trade Deal confirmed

ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি ‘চূড়ান্ত’, মোদীর সঙ্গে কথার পরই ঘোষণা ট্রাম্পের! ‘বিরাট ধন্যবাদ’ প্রধানমন্ত্রীর, শুল্ক কমে কত হল?

রাশিয়ার থেকে তেল কেনার ‘অপরাধে’ ভারতীয় পণ্যের উপর চাপানো ২৫ শতাংশ অতিরিক্ত জরিমানা সম্পর্কে কী সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট কোনও ঘোষণা করেননি তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের পরেই সোমবার রাতে (ভারতীয় সময়) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির কথা ঘোষণা করেছেন। ভারতীয় পণ্য শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। কিন্তু রাশিয়ার থেকে তেল কেনার ‘অপরাধে’ ভারতীয় পণ্যের উপর চাপানো ২৫ শতাংশ অতিরিক্ত জরিমানা সম্পর্কে কী সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট কোনও ঘোষণা করেননি তিনি। ট্রাম্পের ঘোষণার পরেই প্রধানমন্ত্রী মোদীও চুক্তির রূপরেখা চূড়ান্ত হওয়ার কথা জানিয়েছেন।

Advertisement

জরিমানার ২৫ শতাংশের কী হবে, এটাই হয়ে দাঁড়িয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ বিশ্বস্ত সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, জরিমানার ২৫ শতাংশ‌ও প্রত্যাহার করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর-ও তেমন‌ই ইঙ্গিত‌ দিয়েছেন। সরাসরি জরিমানা মকুবের প্রসঙ্গ এড়িয়ে তাঁর মন্তব্য, “ভারতকে মোট ১৮ শতাংশ শুল্ক দিতে হবে।” তেমনটা হলে তিন প্রতিবেশী পাকিস্তান (১৯%), চিন (৩০-৩৫%) এবং বাংলাদেশ (২০)-এর থেকেও কম হবে ভারতের উপর আরোপ হতে চলা মার্কিন রফতানি শুল্ক।

ট্রাম্পের দাবি, এই চুক্তি কার্যকর হলে ভারত ৫০০০০ কোটি ডলারেরও (৪৫ লক্ষ কোটি টাকারও বেশি) বেশি মূল্যের জ্বালানি, প্রযুক্তি, কৃষি, কয়লা এবং অন্যান্য অনেক পণ্য কিনবে। প্রধানমন্ত্রী মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে এবং তার পরিবর্তে আমেরিকা এবং ভেনেজ়ুয়েলা থেকে তেল কিনতে সম্মত হয়েছেন বলেও সমাজমাধ্যমে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

প্রসঙ্গত, ভারতের পড়শি দেশ পাকিস্তানের উপর ১৮ শতাংশ শুল্ক চাপিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সরকার।

অন্য দিকে, প্রধানমন্ত্রী মোদী বাণিজ্যচুক্তি প্রসঙ্গে এক্স পোস্টে লিখেছেন, ‘‘আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। ভারতে তৈরি পণ্যের উপর এখন শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে জেনে আনন্দিত। এই দারুণ ঘোষণার জন্য ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক ধন্যবাদ। যখন দু’টি বৃহৎ অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একসঙ্গে কাজ করে, তখন তাতে আমজনতা উপকৃত হয়। পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রচুর সুযোগ তৈরি করে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব বিশ্ব জুড়ে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তির জন্য তাঁর প্রচেষ্টাকে ভারত পূর্ণ সমর্থন করে। আমাদের অংশীদারিকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে আমি তাঁর সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করার জন্য উন্মুখ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement