ছবি: সংগৃহীত।
বাইক নিয়ে বিপজ্জনক স্টান্ট দেখাতে গিয়ে বিপাকে পড়লেন এক দম্পতি। বাইকে স্ত্রীকে চাপিয়ে মন্দিরের ঘাটের সামনে খালি হাতে বাইক তুলে দেখাতেই পুলিশের নজরে পড়লেন এক ব্যক্তি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, উত্তরপ্রদেশের প্রতাপগড়ের বেলহা দেবী মন্দিরঘাটে একটি বিপজ্জনক স্টান্ট করার পর এক দম্পতির বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেই স্টান্টের ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। ভিডিয়ো দেখে ব্যবস্থা নিয়েছে উত্তরপ্রদেশের পুলিশ। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মন্দিরঘাট চত্বরে দাঁড়িয়ে একটি বাইককে খালি হাতে তুলে ধরছেন এক ব্যক্তি। তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছেন লাল শাড়ি পরা এক মহিলা। স্বামী বাইকটি হাতে করে তুলে ধরতেই স্ত্রী সেই বাইকের উপর উঠে বসেন। স্ত্রীকে বসিয়ে বাইকটিকে হাতে করে তুলে ধরে রাখেন স্বামী। এই ভিডিয়োটি মূলত সমাজমাধ্যমে পোস্ট করার জন্য তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। ভক্ত ও দর্শনার্থীদের আনাগোনা রয়েছে এমন একটি জনবহুল এলাকায় রিল ভিডিয়োয় স্টান্ট করা দর্শকের মধ্যে সমালোচনার জন্ম দেয়। অনেকেই এর সঙ্গে জড়িত নিরাপত্তা ঝুঁকি নিয়ে প্রশ্ন তোলেন। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই একটি মামলা দায়ের করা হয়।
প্রতাপগড় পুলিশ দম্পতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ১৭০ ধারায় মামলা করা হয়েছে। এমনকি ওই ব্যক্তির স্ত্রীর বিরুদ্ধেও ১২৬ এবং ১৩৫ ধারায় মামলা করা হয়েছে। এ ছাড়াও, স্টান্টটিতে ব্যবহৃত মোটরসাইকেলটির উপরও ট্রাফিক আইন অনুসারে জরিমানা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বিশিষ্ট মন্দিরপ্রাঙ্গণে বিপজ্জনক স্টান্টের ভিডিয়ো করার কারণেই দম্পতিটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ভিডিয়োটি ‘মাঞ্চ_অফিশিয়াল’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর বহু নেটাগরিক দম্পতির আচরণের সমালোচনা করেছেন।