মাজহার আসিফ। — ফাইল চিত্র।
দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাজহার আসিফ গত কাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আরএসএস আয়োজিত ‘যুব কুম্ভ’ অনুষ্ঠানে দাবি করলেন,“সব ভারতীয়ের ডিএনএ হল মহাদেবের ডিএনএ।”
জামিয়া ক্যাম্পাসে সঙ্ঘের এই অনুষ্ঠান নিয়ে অবশ্য একাধিক ছাত্র সংগঠনের আপত্তি ছিল। ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই) এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-সহ বিভিন্ন সংগঠন এই কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানায়। ক্যাম্পাসের বাইরে বিপুল পুলিশ মোতায়েন করে তবেই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানের সময় উপাচার্য আরএসএস নেতাদের স্বাগত জানান এবং অনুষ্ঠান আয়োজনের জন্য তাদের ধন্যবাদ জানান। নিজের বক্তৃতায় আসিফ ভারতের বৈচিত্র্যের কথা তুলে ধরে বলেন দেশের মানুষ ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতি থেকে এসেছে। সেই পার্থক্য সত্ত্বেও সবাই ভারতীয় হিসেবে ঐক্যবদ্ধ। এর পরেই তিনি যোগ করেন, “মহাদেবের ডিএনএ আমাদের মধ্যে প্রবাহিত হচ্ছে, এমন একটি ধারণার মাধ্যমে এই ঐক্যকে বোঝানো যায়।’’ আসিফ ‘সনাতন’ সংস্কৃতিকে সহাবস্থানের একটি পদ্ধতি হিসেবে বর্ণনা করেন।
অন্য দিকে, প্রতিবাদী ছাত্র সংগঠনের তরফে বলা হয়, “এই জামিয়ায় একটি স্টাডি সার্কল করতে চাইলেও দশ জন গার্ড ঘিরে রাখে। প্রতিবাদের অধিকারকে একটি কোণায় বেঁধে দেওয়া হয়েছে। সেই জামিয়াই আজ আরএসএস-কে একটি শীতাতপ নিয়ন্ত্রিত হলে পুরো অনুষ্ঠান করার অনুমতি দিয়েছে।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে