‘থলপতি’ বিজয়। — ফাইল চিত্র।
তামিলনাড়ুতে সরকার গড়ার সুযোগ দেওয়ার আবেদন জানিয়ে বুধবার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু তামিলাগা ভেট্টি কাজ়াগম (টিভিকে) প্রধান চিত্রতারকা বিজয়কে কোনও আশ্বাস দেননি রাজ্যপাল।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার গুঞ্জন শুরু হয়েছে, বিজয়কে ঠেকাতে দ্রাবিড় রাজনীতির ‘চিরশত্রু’ দুই দল— এমকে স্ট্যালিনের ডিএমকে এবং পলানীস্বামীর এডিএমকে হাত মেলাতে পারে। এই পরিস্থিতিতে বিজয় হুঁশিয়ারি দিয়েছেন, রাজ্যপাল যদি একক বৃহত্তম দল টিভিকে-কে সুযোগ না দেন, তবে তাঁদের ১০৭ জন বিধায়ক পদত্যাগ করবেন।
২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। কিন্তু কোনও দল বা জোটই তা পায়নি। চিত্রতারকা বিজয়ের টিভিকে ১০৮টিতে জিতে একক বৃহত্তম দল হয়েছে। যদিও বিজয় দু’টি আসনে জয়ী হওয়ায় বিধায়ক সংখ্যা ১০৭। ডিএমকে-কংগ্রেস-বাম জোট ৭৪ এবং এডিএমকে বিজেপি জোট ৫৩টি জিতেছে। ডিএমকে একক ভাবে ৫৯টি আসনে জিতলেও দলের প্রধান তথা বিদায়ী মুখ্যমন্ত্রী স্ট্যালিন পরাজিত। তাঁর সহযোগী কংগ্রেস জিতেছে পাঁচটিতে। অন্য দিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী পলানীস্বামীর দল এডিএমকে ৪৭ এবং তাঁর সহযোগী বিজেপি একটিতে জিতেছে। তাদের আর এক সহযোগী পিএমকে পেয়েছে চারটি। কংগ্রেস ইতিমধ্যেই বিজয়কে সমর্থনের কথা ঘোষণা করেছেন। কিন্তু রাজ্যপাল বিশ্বনাথ জানিয়েছেন ১১৮ বিধায়কের সমর্থনপত্র না পেলে টিভিকে-কে সরকার গড়ার আমন্ত্রণ জানাবেন না তিনি।