মহম্মদ সালাহ। ছবি: রয়টার্স।
আমেরিকা সে দেশে থাকতে না দেওয়ায় এমনিতেই বিশ্বকাপের ম্যাচ খেলতে প্রচুর যাতায়াত করতে হচ্ছে ইরানকে। সেই তালিকায় যোগ হল মিশরও। পরের ম্যাচ খেলতে আগেভাগেই আমেরিকার শহর সিয়াটলে চলে যেতে চেয়েছিল তারা। কিন্তু সেই অনুমতি মেলেনি। বাধ্য হয়ে নিজেদের শিবিরে ফিরে সেখান থেকে ম্যাচ খেলতে অন্য শহরে যেতে হবে।
রবিবার রাতে কানাডার ভ্যাঙ্কুভারে নিউ জ়িল্যান্ডকে হারিয়ে দীর্ঘ দিন বাদে বিশ্বকাপের ম্যাচ জিতেছে মিশর। তারা চেয়েছিল ম্যাচের পরেই সরাসরি সিয়াটলে যেতে। সেখানে তাদের পরের ম্যাচ রয়েছে ইরানের সঙ্গে। যাতায়াতের কারণে যাতে সময় নষ্ট না হয় তাই এই অনুমতি চাওয়া হয়েছিল। সেটি মেলেনি।
ফলে ভ্যাঙ্কুভার থেকে মিশরকে ফিরতে হচ্ছে তাদের শিবির ওয়াশিংটনের স্পোকেনে। সেখান থেকে আবার এক ঘণ্টা ২০ মিনিটের বিমান ধরে সিয়াটলে পৌঁছতে হবে ইরানের সঙ্গে ম্যাচ খেলতে।
বিষয়টি নিয়ে একেবারেই খুশি হতে পারেননি মিশরের কোচ হোসাম হাসান। তিনি বলেছেন, “নিউ জ়িল্যান্ড ম্যাচের পর আমরা সিয়াটলে যেতে চেয়েছিলাম। নিরাপত্তার দোহাই দেখিয়ে আমাদের অনুমতি দেওয়া হয়নি। তাই অনিচ্ছা সত্ত্বেও আমাদের স্পোকেনের শিবিরে ফিরতে হচ্ছে। চেয়েছিলাম যাতায়াতের কারণে যাতে ফুটবলারেরা ক্লান্ত না হয়ে পড়ে। কিন্তু নিরাপত্তার জন্য আমাদের যেতে দেওয়া হল না।”
উল্লেখ্য, লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিরুদ্ধে নামার আগে ইরানও চেয়েছিল আগে থাকতেই সেই শহরে চলে যেতে। তাদের সেই অনুমতি দেওয়া হয়নি। তা নিয়ে প্রতিবাদও করেছেন ইরানের কোচ আমির ঘালেনোই।