নিঃশব্দে ঘাঁটি গাড়ছে শত্রু। তার হাতে নেই মারাত্মক অস্ত্র। কিন্তু যা রয়েছে, তার বিপদও কিছু কম নয়। রাষ্ট্রপতি ভবন চত্বরের ৩৩০ একর জমির মধ্যে মশার প্রচুর লার্ভা মিলেছে বলে ৭৬টি নোটিস জারি করেছে দিল্লি পুরসভা। গত বছরেও ডেঙ্গির প্রকোপের সময়ে এই মর্মে বেশ কয়েকটি নোটিস রাষ্ট্রপতি ভবনকে পাঠানো হয়েছিল। ঘরোয়া ভাবে দিল্লি পুরসভার কর্তারা জানাচ্ছেন, তাতে কাজ না হওয়াতেই আবার নোটিস পাঠাতে হয়েছে। রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, এস্টেটের মধ্যে কারও ডেঙ্গির খবর নেই। তবে মশার বংশবৃদ্ধি নিয়ে সংশ্লিষ্ট অফিসারেরা সচেতন। কোনও বদ্ধ জলা যাতে না থাকে, তা নিশ্চিত করা হয়েছে।