Crime News

বাবার সঙ্গে ঝগড়া কেন, লোহার রড দিয়ে মায়ের মাথায় আঘাত পুত্রের, মৃত্যু মহিলার

অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে এক মহিলাকে খুনের অভিযোগ উঠেছে তাঁর পুত্রের বিরুদ্ধে। অভিযোগ, স্বামীর সঙ্গে ঝগড়া করছিলেন ওই মহিলা। সেই সময়ে পুত্র লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৪ ১৭:২৩
Share:

—প্রতীকী চিত্র।

বাবার সঙ্গে ঝগড়া করায় মাকে খুন করে ফেললেন যুবক। লোহার রড দিয়ে তাঁকে মারা হয়েছে বলে অভিযোগ। আঘাত পেয়ে লুটিয়ে পড়েন মহিলা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মাকে মেরে সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত।

Advertisement

ঘটনাটি অন্ধ্রপ্রদেশের অনন্তপুর শহরের। মৃত মহিলার নাম ভাড্ডি সুনকাম্মা। ৪৫ বছর বয়সি ওই মহিলাকে লোহার রড দিয়ে মেরে খুন করা হয়েছে। মৃতের পুত্রের নাম ভাড্ডি বেক্টটেশ। তাঁকে খুঁজছে পুলিশ। পারিবারিক অশান্তির কারণেই এই হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মহিলার সঙ্গে তাঁর স্বামীর ঝগড়া হত হামেশাই। বুধবারও তেমনই কোনও অশান্তি শুরু হয়েছিল পরিবারে। বাবা এবং মাকে ঝগড়া করতে দেখেন পুত্র। যা তিনি সহ্য করতে পারেননি। মায়ের উপরেই তাঁর আক্রোশ গিয়ে পড়ে। হাতের কাছে তিনি একটি লোহার রড পেয়েছিলেন। তা নিয়েই মায়ের দিকে তেড়ে যান।

Advertisement

লোহার রড দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করেন অভিযুক্ত। মাথা ফেটে রক্ত পড়তে শুরু করে। মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা। বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান অভিযুক্ত। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতের পুত্রের বিরুদ্ধে খুন-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

অভিযুক্তকে এখনও ধরা যায়নি। তাঁকে গ্রেফতার করতে দল গঠন করে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। কেন এই খুন, কী নিয়ে পরিবারে অশান্তি বেঁধেছিল, গোটা ঘটনায় মৃতের স্বামীর ভূমিকাই বা কী, খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement