Crime

যানজটে হর্ন বাজানোর জের, মহিলাকে গাড়ি থেকে নামিয়ে সপাটে চড় কষালেন যুবক!

যানজটের সময় হর্ন বাজানোয় এক মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ ১১:৪২
Share:

যানজটে হর্ন বাজানোয় এক মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে। প্রতীকী ছবি।

রাস্তায় যানজটের সময় হর্ন বাজানোয় এক মহিলাকে গাড়ি থেকে নামিয়ে একাধিক বার চড় কষানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বুধবার সকালে গুরুগ্রাম এলাকার ঘটনা। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement

বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ এমডিআই চক এলাকায় যানজট হয়। সেই সময় হর্ন বাজাচ্ছিলেন ওই মহিলা। যার জেরে রেগে যান অন্য একটি গাড়ির চালক। মহিলার অভিযোগ, যানজট মুক্ত হওয়ার পর ওই যুবক গাড়ির গতি বাড়িয়ে তাঁকে ধাওয়া করেন। তার পর ওভারটেক করে তাঁর গাড়ির সামনে নিজের গাড়ি থামান। এর পর মহিলাকে গাড়ি থেকে জোর করে নামিয়ে তাঁর গালে চড় কষান বলে অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে।

তাঁকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন মহিলা। বাড়িতে গিয়ে আবার মারধর করা হবে বলেও ওই যুবক ভয় দেখান। এই অভিযোগও জানিয়েছেন ওই মহিলা। এই ঘটনার সময় সেখানে জড়ো হন পথচলতি মানুষেরা। মহিলাকে মারধরের পরই চম্পট দেন যুবক।

Advertisement

বাঁ চোখ ও নাকে আঘাত পেয়েছেন মহিলা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৫০৬, ৫০৯ ধারায় সেক্টর ১৮ থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করার কাজ চলছে বলে জানিয়েছেন স্টেশন হাউস অফিসার হরিশ কুমার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement