বিহার

আস্থা ভোটে সংখ্যার পরীক্ষা এড়াল বিজেপি

বিহার বিধানসভায় সংখ্যার পরীক্ষায় আর গেলেন না বিজেপি নেতৃত্ব। জিতনরাম-সরকারের আস্থা ভোটের আগেই ‘ওয়াকআউট’ করলেন বিজেপি-র ৮৯ জন বিধায়ক। ফলে ধ্বনি ভোটেই বিধানসভার আস্থা অর্জন করল জেডিইউয়ের নতুন সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০১৪ ০৩:২৯
Share:

বিহার বিধানসভায় সংখ্যার পরীক্ষায় আর গেলেন না বিজেপি নেতৃত্ব। জিতনরাম-সরকারের আস্থা ভোটের আগেই ‘ওয়াকআউট’ করলেন বিজেপি-র ৮৯ জন বিধায়ক। ফলে ধ্বনি ভোটেই বিধানসভার আস্থা অর্জন করল জেডিইউয়ের নতুন সরকার। প্রতিশ্রুতি মতোই তাঁদের পাশে ছিল আরজেডি, কংগ্রেস, সিপিআই। পরে বিধানসভার লবিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি নেতা সুশীল মোদী বলেন, “আরজেডি-জেডিইউয়ের পারস্পরিক স্বার্থ রক্ষার অঙ্ক যখন জলের মতো পরিষ্কার, তখন ভোটাভুটি করে লাভ কী?” এই রাজনৈতিক জোটবদ্ধতাকে ‘অনৈতিক, ব্যক্তি স্বার্থের আঁতাত’ হিসেবে বর্ণনা করেন মোদী।

Advertisement

তবে তাঁরা যে এখনও বিহারে নতুন করে সরকার গড়ার সম্ভাবনাকে খারিজ করেননি তার ইঙ্গিত মিলেছে সুশীল মোদীর কথাতেই। তিনি আগেও বলেছিলেন, আজ আবার বলেন, “জেডিইউয়ের ৫০ বিধায়ক এখনও আমাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। লোকসভা ভোটেও তাঁরা আমাদের সহায়তা করেছেন। ব্যক্তিগত স্তরে তাঁদের ধন্যবাদও জানিয়েছি। তবে আমরা এখনই বিহারে জেডিইউ সরকার ফেলে দিয়ে বিজেপি সরকার গড়ার কথা ভাবছি না।” সামগ্রিক ভাবে রাজ্য-রাজনীতির গতিপ্রকৃতির উপর বিজেপি নেতৃত্ব নজর রাখছে বলেও তিনি জানান। বিধানসভার আস্থা ভোটের প্রস্তাবের উপর বিতর্কে অবশ্য বিজেপি অংশ নিয়েছে। সদ্য-প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিহার বিধানসভার সদস্য নন, বিধান পরিষদের সদস্য। সেই কারণে বিধানসভায় তিনি হাজির ছিলেন না। তবে তাতে কিছু যায় আসেনি। চার ঘন্টার বিতর্কের সিংহভাগ জুড়েই ছিলেন নীতীশ। বিধানসভার বিরোধী দলনেতা, বিজেপি-র নন্দকিশোর যাদবের বক্তব্যের পুরোটা জুড়েই ছিল নীতীশ কুমারের সমালোচনা। নতুন মুখ্যমন্ত্রীর প্রতি নন্দকিশোরের কটাক্ষ ছিল, “মহাদলিত পরিবারের প্রতিনিধি হিসেবে যদি আপনি ভাবমূর্তি তৈরি করে ফেলেন, সেই ভয়ে নীতীশ কুমার আপনার মুখ্যমন্ত্রিত্বের সময়সীমা বেঁধে দিয়েছেন। বলা হয়েছে, আগামী দেড় বছরের জন্য আপনি মুখ্যমন্ত্রী হলেন।” বিজেপির বক্তব্য, “নীতীশের এই মনোভাব মহাদলিতদের অপমান।”

নতুন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঁঝি জাতপাতের তাসেই বিজেপি-র বিরুদ্ধে পাল্টা-আক্রমণ শানিয়ে বলেন, “বিজেপি বলছে আমি রবার স্ট্যাম্প। রিমোট কন্ট্রোলে চলব। এই কথা বলে আসলে ওরা মহাদলিত এবং পিছিয়ে পড়া জাতিকে অপমান করছেন।” তাঁর কথায়, “আমরা শুধু শুধু খেটে যাব, ফল আপনারা ভোগ করবেন-আপনারা এটাই চাইছেন।” নতুন মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, “মহাদলিতরা গরিব হতে পারেন। কিন্তু তাঁদের দুর্বল ভাববেন না।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement