গৌতম-সাম্রাজ্য দখলে তৎপর বিরোধীরা

বিধানসভা ভোটে গৌতম-সাম্রাজ্য দখল করতে তৎপর বিজেপি, এআইইউডিএফ। সে দিকে তাকিয়েই হাইলাকান্দিতে নিজেদের দুর্গ গোছাচ্ছেন দুই দলের নেতারা। নিবার্চন-যুদ্ধে রাজ্যের সমাজকল্যাণমন্ত্রী গৌতম রায়ের বিরুদ্ধে প্রার্থী বাছাইয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপি।

Advertisement

অমিত দাস

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৪:১৩
Share:

বিধানসভা ভোটে গৌতম-সাম্রাজ্য দখল করতে তৎপর বিজেপি, এআইইউডিএফ।

Advertisement

সে দিকে তাকিয়েই হাইলাকান্দিতে নিজেদের দুর্গ গোছাচ্ছেন দুই দলের নেতারা। নিবার্চন-যুদ্ধে রাজ্যের সমাজকল্যাণমন্ত্রী গৌতম রায়ের বিরুদ্ধে প্রার্থী বাছাইয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপি। খোঁজ চলছে উপযুক্ত ব্যক্তির। বিজেপি অন্দরমহলের খবর, হাইলাকান্দিতে আরএসএস-পন্থী কোনও ভুমিপুত্রকে প্রার্থী করতে চান দলীয় নেতৃত্ব। এআইইউডিএফ চাইছে কট্টর গৌতম-বিরোধী স্থানীয় কাউকে ভোট-যুদ্ধে নামাতে।

কংগ্রেস অবশ্য গৌতমবাবুর জয় নিয়ে একশো শতাংশ নিশ্চিত। তাঁরা বলছেন, কাটলিছড়াকে সম্প্রতি মহকুমা হিসেবে ঘোষণা করা হয়েছে। এর পুরো কৃতিত্বই ‘রায়বাবু’র। সাধারণ মানুষ তাই এ বারের ভোটে তাঁর পাশেই থাকবেন।

Advertisement

এ যুক্তি মানতে একেবারেই নারাজ গৌতম-বিরোধী শিবিরের নেতারা।

হাইলাকান্দি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সৈকত দত্ত চৌধুরী বলেন, ‘‘গত লোকসভা নির্বাচনে এখানে কার্যত ভরাডুবি হয়েছিল কংগ্রেসের। এ বার ওঁদের তার থেকেও খারাপ ফল হবে।’’ তাঁর বক্তব্য, ‘‘মহকুমা গঠনের নামে গৌতমবাবু চমক দিতে চাইলেও, জেলার রাজনৈতিক সচেতন মানুষ সব বুঝতে পারেন। ৩০ বছর ধরে উন্নয়নের নামে কাটলিছড়াকে শোষণ করেছেন গৌতমবাবু। মানুষ এ বার বদলা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন।’’ এআইইউডিএফ নেতা সুজামউদ্দিন লস্করের বক্তব্য, আসন্ন ভোটে কাটলিছড়ায় গৌতমবাবুর পরাজয় শুধু সময়ের অপেক্ষা মাত্র। তিনি বলেন, ‘‘জেলার মানুষ পরিবর্তন চাইছেন। কাটলিছড়ার মাটি থেকে তাঁরা এ বার গৌতমবাবুকে উৎখাত করবেন।’’ তাঁর মতে, কাটলিছড়া মহকুমা হওয়ার বিষয়টি সাধারণ মানুষের চিন্তার বিষয় নয়। এখনও জেলার অনেক গ্রামে বিদ্যুৎ নেই। নেই পানীয় জল। রাস্তা, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠানও সে সব জায়গায় নেই। সুজামের মন্তব্য, ‘‘তিন দশক ধরে উন্নয়নের নামে মানুষকে ধোঁকা দিয়েছেন গৌতমবাবু।’’

বিরোধীদের এ সব কথায় গুরুত্ব দিতে নারাজ জেলার কংগ্রেস নেতারা। হাইলাকান্দি মহকুমা হওয়ায় গৌতমবাবু ভোটের ময়দানে এখনই অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে গিয়েছেন বলে তাঁরা দাবি করছেন। জেলা পরিষদ সদস্য কংগ্রেসের মৃদুল সিংহ চৌধুরী বলেন, ‘‘কাটলিছড়া মহকুমা হওয়ায়
নির্বাচনে স্থানীয় মানুষের হাত উজাড় করে গৌতমবাবুকে ভোট দেওয়া উচিত।’’ দলের মুখপাত্র প্রকাশ চাঁদ সোরানা বলছেন, ‘‘কাজের নিরিখেই মানুষ গৌতমবাবুকে ভোট দেবেন।’’ তাঁর দাবি, আসন্ন নির্বাচনে কাটলিছড়ায় বিরোধী প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে।

গৌতমবাবু অবশ্য কাটলিছড়াকে মহকুমায় উন্নীত করার বিষয়টি প্রকাশ্যে রাজনীতির সঙ্গে জড়াতে চাইছেন না। তাঁর বক্তব্য, ‘‘আমি কাটলিছড়াকে আরও সুন্দর করে সাজাতে চাই। মহকুমা হওয়ায় কাটলিছড়াবাসীর দাবিপূরণও হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement