অভিযোগ ওড়াল কেন্দ্র

বরাদ্দে কোপ, ক্ষুব্ধ মমতার চিঠি মোদীকে

চলতি মাসেই দিল্লি সফরে গিয়ে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছিলেন। এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চিঠি লিখে স্বচ্ছ ভারত অভিযান এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার বরাদ্দ ছাঁটাই নিয়ে প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৫ ০৩:১৮
Share:

চলতি মাসেই দিল্লি সফরে গিয়ে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছিলেন। এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চিঠি লিখে স্বচ্ছ ভারত অভিযান এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার বরাদ্দ ছাঁটাই নিয়ে প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মুখ্যমন্ত্রীর দাবি, এমনিতেই অধিকাংশ কেন্দ্রীয় প্রকল্প হয় তুলে দেওয়া হয়েছে, নয়তো বিপুল বরাদ্দ ছাঁটাই হয়েছে। তার পরেও আরও দু’টি প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ ছাঁটাই হওয়ায় প্রায় ২০০০ কোটি টাকার আর্থিক দায় রাজ্যের ঘাড়ে চাপতে চলেছে। যা মেনে নেওয়া যায় না। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘বাম সরকারের ঋণের চাপে রাজ্যের আর্থিক পরিস্থিতি মোটেই ভাল নয়। তার উপরে আরও ২০০০ কোটির বোঝা চাপবে। কেন্দ্র এই সিদ্ধান্ত প্রত্যাহার করুক।’’

মুখ্যমন্ত্রীর এই চিঠি পাওয়ার পরেও অবশ্য প্রকল্প দু’টির বরাদ্দ বাড়ানোর কোনও সিদ্ধান্ত কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক নেয়নি বলেই পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছে। অন্য দিকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের বক্তব্য, নীতি আয়োগ তৈরির পর মুখ্যমন্ত্রীদের যে সাব-কমিটি তৈরি হয়েছিল, তাদের সুপারিশই কার্যকর করছে কেন্দ্র। নিজে থেকে কিছু করেনি। নবান্ন সূত্রের খবর, স্বচ্ছ ভারত অভিযানে এ রাজ্যে ৫২ লক্ষ শৌচাগার তৈরির ৪০% খরচ রাজ্যকে বহন করতে হবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র। এত দিন এই খরচের ২৫ ভাগ খরচ হতো রাজ্যের তহবিল থেকে। বাকি ৭৫ ভাগ দিত কেন্দ্র। সেই ব্যবস্থা বদলে মোদীর স্বপ্নের স্বচ্ছ ভারত প্রকল্পের জন্যও কেন্দ্র এখন থেকে মাত্র ৬০% খরচ বহন করবে বলে জানিয়ে দিয়েছে। বাকি ৪০% খরচের ভার নিতে হবে রাজ্যকে। এ ছাড়া, স্বচ্ছ ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত আনুষঙ্গিক আরও দু’টি প্রকল্পের খরচ ধরলে রাজ্যের ঘাড়ে বাড়তি দায় চাপছে ১০০০ কোটি টাকার।

Advertisement

কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়েই তীব্র আপত্তি মুখ্যমন্ত্রীর। তাঁর প্রশ্ন, ‘‘স্বচ্ছ ভারত প্রকল্পের জন্য সেস বসিয়েছে কেন্দ্র। তার পরেও বরাদ্দ ছাঁটাই হচ্ছে! রাজ্য এই টাকা কোথা থেকে সংস্থান করবে? রাজ্যের নিজস্ব উন্নয়ন তা হলে চলবে কী ভাবে?’’

শুধু স্বচ্ছ ভারত অভিযানই নয়, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পেও বরাদ্দ এক ধাক্কায় অনেকখানিই কমিয়ে দেওয়া হয়েছে। এত দিন গ্রামে পাকা রাস্তা তৈরির এই প্রকল্পের পুরো টাকাটাই দিত কেন্দ্র। কিন্তু সম্প্রতি কেন্দ্র জানিয়েছে, এখন থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা খাতে কেন্দ্র ৬০% এবং রাজ্য ৪০% টাকা দেবে। পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘‘সাড়ে চার হাজার কিলোমিটার রাস্তা তৈরির কাজ চলছে। তাতে ২০১৫-’১৬ আর্থিক বছরেই আমাদের ঘাড়ে ৮৯৫ কোটি টাকার দায় চাপছে! এই অবস্থায় কোথা থেকে টাকা পাব, জানি না!’’

Advertisement

গ্রামোন্নয়ন মন্ত্রকের কর্তাদের বক্তব্য, চলতি বছরে পশ্চিমবঙ্গে সড়ক যোজনায় ২২৩৮ কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ১৩৪৩ কোটি কেন্দ্র দেবে। কেন্দ্রের কর্তাদের আরও বক্তব্য, চতুর্দশ অর্থ কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় করের ৪২ ভাগ টাকা রাজ্যগুলিকে দেওয়া হচ্ছে। ফলে রাজ্যগুলি সেই টাকা নিজেদের মতো করে খরচ করতে পারবে। আর গোটা দেশের জন্যই কেন্দ্র নীতি গ্রহণ করেছে। ফলে পশ্চিমবঙ্গকে বঞ্চনার অভিযোগ ঠিক নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement