Ridge Gourd Recipes

ঝিঙে দেখে নাক সিঁটকান বাড়ির সকলে? ৭ রকম সুস্বাদু পদ বানিয়ে দিলে চেটেপুটে খাবেন সবাই

বাড়ির ছোট থেকে বড়দের অনেকেই ঝিঙে দেখে নাক সিঁটকান, কিন্তু সুস্বাদু তরকারি বানিয়ে দিলে তাঁরাও খাবে চেটেপুটে। একটি সব্জি দিয়েই রকমারি পদ বানানো যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৯:২৩
Share:

ঝিঙের রকমারি পদ। ছবি: এআই সহায়তায় প্রণীত।

বাঙালির হেঁশেলের চেনা সব্জি। গ্রীষ্ম যখন দোরগোড়ায়, তখন এই ঝিঙের মতো সব্জির তরকারিই বেশি আরামদায়ক। কিন্তু বাড়ির ছোট থেকে বড়দের অনেকেই ঝিঙে দেখে নাক সিঁটকান, কিন্তু সুস্বাদু তরকারি বানিয়ে দিলে তাঁরাও খাবেন চেটেপুটে। একটি সব্জি দিয়েই রকমারি পদ বানানো যায়। রইল তার তালিকা—

Advertisement

ঝিঙে দিয়ে সুস্বাদু ৭টি পদ বানিয়ে নিন। ছবি: সংগৃহীত

১. ঝিঙে পোস্ত

বাঙালির চিরকালীন প্রিয় পদ। ঝিঙে ডুমো ডুমো করে কেটে পোস্তবাটা আর কাঁচালঙ্কা দিয়ে মাখোমাখো করে রান্না। এক থালা গরম ভাতের সঙ্গে আর কিছু লাগে না। সঙ্গে আলুও দিয়ে দিতে পারেন।

Advertisement

২. মশলা ঝিঙে

পেঁয়াজ, আদা, রসুন এবং গুঁড়ো মশলা দিয়ে তৈরি একটি ঝাল ঝাল তরকারি করে নিতে পারেন। এটি ভাত এবং রুটি, দুইয়ের সঙ্গেই বেশ মানিয়ে যায়।

৩. পুরভরা ঝিঙে বা ঝিঙের দোলমা

ঝিঙের ভিতরের সামান্য অংশ তুলে নিয়ে তাতে মশলাদার পুর (নারকেল কোরা বা ছানা দিয়ে তৈরি) ভরে ভাজা হয়। এটি দেখতেও যেমন সুন্দর, স্বাদেও তেমন উপাদেয়।

৪. সর্ষে ঝিঙে

কালোজিরে ফোড়ন দিয়ে সর্ষেবাটা আর কাঁচালঙ্কায় ঝিঙের এই ঝাল-ঝাল চচ্চড়ি খেতে পছন্দ করেন অনেকেই।

৫. ঝিঙের খোসাবাটা

ঝিঙের খোসা ফেলনা নয়! শিলনোড়ায় বা মিক্সিতে খোসা বেটে নিয়ে তার পর কালোজিরে, শুকনো লঙ্কা আর রসুন দিয়ে সেই বাটা ভেজে নিলে গরম ভাতের সঙ্গে খেলে অমৃত মনে হবে।

৬. ঝিঙের হালকা ঝোল

অল্প গোলমরিচ আর সামান্য আদা দিয়ে ঝিঙের এই হালকা ঝোল স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী, বিশেষ করে যাঁরা ডায়েট করছেন, তাঁদের জন্য। সঙ্গে অন্যান্য সব্জিও যোগ করে দিতে পারেন।

৭. ঝিঙের পরোটা

ঝিঙে কুচি করে ঘি ও জিরে দিয়ে অল্প আঁচে ভেজে নিয়ে ময়দার সঙ্গে মেখে নিন। তার পর পরোটা বানিয়ে ছোটদের খাওয়াতে পারেন। আচারের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement