Macha Face Pack

চায়ের জগতে আলোচনা মাচা নিয়ে, ত্বকের যত্নেও তা কম যায় না, মাচা দিয়ে বানান ৩ ফেসপ্যাক

শুধু স্বাস্থ্য সচেতনদের কাপেই নয়, মাচা জায়গা করে নিচ্ছে রূপচর্চার জগতেও! অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর মাচা ত্বকের জেল্লা ফেরাতেও সহায়ক। তা দিয়ে কী ভাবে বানিয়ে নেবেন ফেস প্যাক?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৯
Share:

মাচা দিয়ে বানিয়ে ফেলুন ফেস প্যাক। নির্জীব ত্বক হয়ে উঠবে প্রাণবন্ত। ছবি: এআই সহায়তায় প্রণীত।

চা তো শুধু চা নয়, শরীর ভাল রাখার পানীয়ও বটে। ঠিক সেই কারণে, গ্রিন টিয়ের পাশাপাশি চর্চা জাপানের মাচা চা নিয়েও। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর মাচা-চা ইতিমধ্যেই ভারতের নানা প্রান্তের একাধিক ক্যাফেতে জায়গা করে নিয়েছে।এতে পলিফেনল, অ্যামাইনো অ্যাসিড থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। এই চা খেলে শরীরে ক্যাফেইন কম জমা হয়, ওজনও নিয়ন্ত্রণে থাকে।

Advertisement

তবে শুধু স্বাস্থ্য সচেতনদের কাপেই নয়, মাচা জায়গা করে নিচ্ছে রূপচর্চার জগতেও। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর মাচা ত্বকের জেল্লা ফেরাতেও সহায়ক। তা দিয়ে কী ভাবে বানিয়ে নেবেন ফেস প্যাক?

মাচা-নারকেল তেল: মাচার গুঁড়ো আর নারকেল তেল ভাল করে মিশিয়ে নিন। শুষ্ক ত্বকের জন্য এই প্যাকটি অত্যন্ত ভাল। ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর মিশ্রণটি মেখে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। এক বার ব্যবহারে কালচে ছোপ দূর হবে, মুখ দেখাবে প্রাণবন্ত।

Advertisement

মাচা-শসা-দই: ১ টেবিল চামচ শসার রসের সঙ্গে ১ টেবিল চামচ টক দই এবং ১ টেবিল চামচ মাচা মিশিয়ে নিন। পরিষ্কার মুখে প্যাকটি মাখতে হবে। এতে রোদের তাপে কালো হয়ে যাওয়া ত্বকে জেল্লা ফিরবে। যাঁদের বলিরেখা দেখা দিচ্ছে, তাঁরাও এই প্যাকটি ব্যবহার করে উপকার পাবেন। ১৫ মিনিট মুখে মেখে রাখতে হবে। তার পরে জলে ধুয়ে নিলেই হবে।

মাচা, ওট্‌স, দই, অলিভ অয়েল: ১ টেবিল চামচ মাচা, ২ টেবিল চামচ টক দই, ১ টেবিল চামচ ওট্‌স গুঁড়ো এবং ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। সাধারণ বা শুষ্ক ত্বকে এই প্যাকটি ভাল কাজ করবে। মুখ ধুয়ে মেখে রাখুন ১৫ মিনিট। তার পরে হালকা গরম জলে ধুয়ে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement