Mouri Katla Recipe

ঝোল-ঝাল দুই-ই হতে পারে, ভাতের সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে ফেলুন মৌরি কাতলা

কাতলা মাছই রাঁধুন কিন্তু একেবারে নতুন কায়দায়। মৌরির স্বাদ জুড়বে এতে। চেটেপুটে খাবেন সকলেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৮
Share:

কাতলায় জুড়ুক মৌরি

পাবদা, পার্শে নয়, পরিচিত রুই-কাতলার মতো মাছই সকলে চেটে খেতে পারেন, যদি রান্নাটি তেমন হয়। রুই-কাতলা প্রায় দিনই সব বাড়িতে রান্না হয়। তাই অনেকের কাছে এই সব মাছের তেমন কদর থাকে না। তা ছাড়া, ঝোল, ঝাল, কালিয়া, কোর্মাও একঘেয়ে হয়ে যায়। কিন্তু কাতলা দিয়েই বানাতে পারেন এমন রান্না, যা চেটেপুটে খাবেন সকলে। মাছে মিশুক মৌরির স্বাদ এবং গন্ধ, তৈরি করে ফেলুন মৌরি কাতলা। কৌশল সহজ।

Advertisement

উপকরণ

৬টি কাতলা মাছের টুকরো

Advertisement

২টি মাঝারি পেঁয়াজ

১ টেবিল চামচ মৌরি

এক ইঞ্চি আদা

৪-৬টি কাঁচালঙ্কা

১০-১২টি কাজুবাদাম

২-৩টি লবঙ্গ

২-৩টি এলাচ

এক টুকরো দারচিনি

২টেবিল চামচ ফেটানো টক দই

সর্ষের তেল

স্বাদমতো নুন, চিনি

একটি পাতিলেবুর রস

প্রণালী: মাছের গায়ে পাতিলেবুর রস, নুন, লঙ্কার গুঁড়ো এবং সর্ষে মাখিয়ে রাখুন আধ ঘণ্টা। তার পর তেলে উল্টে-পাল্টে ভেজে নিন। খুব কড়া যেন না হয়।

আদা, লঙ্কা, মৌরি, কাজুহবাদাম মিক্সারে ঘুরিয়ে নিন বা শিলে বেটে নিন। পেঁয়াজও বেটে রাখুন। কড়াইয়ে তেল দিয়ে দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিন। পেঁয়াজ বাটা দিয়ে নুন যোগ করুন। ভাজা হয়ে গেলে বেটে রাখা মৌরি-বাদামের মিশ্রণটি দিয়ে আঁচ কমিয়ে কষতে থাকুন। তেল ছেড়ে এলে যোগ করুন টক দই। আবার সব মশলা কষিয়ে অল্প একটু চিনি দিন স্বাদের জন্য। ঝোল ঝোল রাখতে চাইলে গরম জল যোগ করুন। আর ঝালের মতো গা মাখা করতে চাইলে জলের মাত্রা কমবে। জল দেওয়ার পরে মশলা ফুটে গেলে তাতে মাছ দিয়ে ঢাকা দিন। আঁচ কমিয়ে রান্না করুন। চেরা কাঁচালঙ্কা যোগ করে দিন। অল্প মৌরি একটু থেঁতো করে উপর থেকে ছড়িয়ে দিন। তা হলেই তৈরি মৌরি কাতলা। এমন একটি রান্না থাকলে ভাত খাওয়ার জন্য আর কিছু লাগবেই না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement