Hair Care Tips

চুল ঘন হবে বীজের গুণেই, মাখতে হবে, খেতেও হবে, তালিকায় থাকবে কোন ৩টি

ঘন চুল পেতে গেলে যত্নআত্তি দরকার। তবে কেশচর্চাই যথেষ্ট নয়, পুষ্টির অভাবেও ঘটতে পারে বিপত্তি। চুলের জেল্লা ফেরাতে খাদ্যতালিকায় থাক ৩ ধরনের বীজ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ২০:১৪
Share:

ছবি: এআই সহায়তায় তৈরি।

সুন্দর ঘন কেশের জন্য যত্নের প্রয়োজন। বর্তমানে যে ভাবে ধুলো, ধোঁয়া, দূষণ বেড়েছে, তাতে সমস্যাও বাড়ছে নিত্য। এর পর মরসুম বদল, মানসিক চাপ এবং ক্লান্তিও আছে। শরীর ঠিক না থাকলে, চাপ থাকলে তারও প্রভাব পড়ে চুল এবং ত্বকের স্বাস্থ্যে।

Advertisement

ফলে শুধু কেশচর্চাতেই লাভ হয় না, ভিতর থেকে শরীর-মন ভাল রাখারও দরকার হয়। চুলের বৃদ্ধি অনেকাংশেই নির্ভর করে ভিটামিন এবং খনিজের উপরেও। বেশ কিছু ভিটামিন, খনিজ চুলের গোড়া মজবুত রাখতে সাহায্য করে। তালিকায় রাখুন কয়েকটি বীজ। বেশি নয়, ঘুরিয়ে ফিরিয়ে ১ টেবিল চামচ খেলেই হবে। স্ন্যাক্স হিসাবে, স্যালাডে এবং দৈনন্দিন খাবারে বীজ মিশিয়ে খাওয়া যায়। মাসখানেক খেলেই ধীরে ধীরে চুল ঝরার সমস্যা কমবে। লম্বা হবে কেশ।

কুমড়োর বীজ: জ়িঙ্ক, আয়রন এবং প্রোটিনে ভরপুর কুমড়োর বীজ। ভিটামিন ই, সি, জ়িঙ্ক, সেলেনিয়াম, ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ কুমড়ো বীজ অত্যন্ত স্বাস্থ্যকর। অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ। এই সমস্ত ভিটামিন, খনিজ চুল স্বাস্থ্যজ্জ্বল রাখার জন্য জরুরি। খাবার হিসাবে তা যেমন পুষ্টিকর, তেমনই কুমড়ো বীজের তেল চুলের জন্য ভাল। এই তেল মাথায় মালিশ করলে চুলের ঘনত্ব বাড়বে।

Advertisement

সাদা এবং কালো তিল: সাদা এবং কালো, দুই ধরনের তিলেই প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা চুলের স্বাস্থ্য ভাল রাখে। এতে রয়েছে ভিটামিন বি, ই, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, ফসফরাস, যা চুলের গোড়া মজবুত করে। তিলে থাকে অ্যান্টি-অক্সিড্যান্ট। মাথার ত্বকে ব্রণ, ফুসকুড়ি হয় অনেকের। মাথাও চুলকায় নানা কারণে। তিলের তেল মাথার তালুতে র‌্যাশ, চুলকানি বা যে কোনও সমস্যা দূর করতে পারে। অকালে চুল পাকার সমস্যাও দূর করে। তিলের তেল মাখাও ভাল।

তিসির বীজ: চুলের জন্য জরুরি বি ভিটামিন। তিসি বীজ রয়েছে ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি বি ভিটামিনও। তা ছাড়া, ভিটামিন ই-ও মেলে এতে। চুলের স্বাস্থ্য ভাল রাখতে হলে শরীরেও ভিটামিনগুলির জোগান থাকা জরুরি। নিয়ম করে প্রতি দিন সকালে ১ চা- চামচ তিসি বীজ গুঁড়িয়ে রুটির আটা মাখার সময় মিশিয়ে দিন। তিসি বীজ গুঁড়িয়ে স্যালাডে বা ওট্‌সে দিয়ে খাওয়া যায়।

১ টেবিল চামচ তিসি জলে ফুটিয়ে নিন। জেলের মতে হয়ে গেলে ছেঁকে চুলের গোড়ায় লাগিয়ে মাসাজ করুন। ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement