Different Uses of Rose Water:

গোলাপজলের ব্যবহার টোনারেই সীমাবদ্ধ রাখেন? রূপচর্চার খরচ বাঁচাতে পারে সুগন্ধি প্রসাধনীটি

গোলাপজলের গুণাগুণ কিন্তু কেবল টোনার হিসাবেই শেষ নয়, আরও বিভিন্ন ভাবে ব্যবহার করা যায় রূপচর্চার এই সামগ্রী। জেনে নিন, রূপচর্চার খরচ কমাতে কী কী ভাবে ব্যবহার করা যায় প্রসাধনীটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৩:৩১
Share:

শুধু গোলাপ জল দিয়েই সেরে ফেলুন গরমের দিনের রূপচর্চা। ছবি: সংগৃহীত।

ফেসপ্যাক বানাবেন বলে গোলাপজল কিনেছিলেন, হয়তো দু’ এক বার ব্যবহারও করেছেন। কখনও আবার রাতে শোয়ার আগে টোনার হিসাবেও মুখে মেখেছেন। প্রচণ্ড গরমে ত্বক আর্দ্র রাখতে, র‍্যাশের সমস্যা দূর করতে বা অতিরিক্ত তেল নিঃসরণের সমস্যার সমাধান লুকিয়ে আছে এই গোলাপজলেই। গরমে ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে গোলাপজলের জুড়ি মেলা ভার। মোটামুটি সব ধরনের ত্বকের জন্যই ভাল। তবে গোলাপজলের গুণাগুণ কি শুধুমাত্র টোনার হিসাবেই শেষ? একেবারেই নয়। আরও বিভিন্ন ভাবে ব্যবহার করা যায় রূপচর্চার এই সামগ্রী। কমে রূপচর্চার খরচও। কী কী ভাবে ব্যবহার করা যায় প্রসাধনীটি?

Advertisement

১) মেকআপ সেটিং মিস্ট: অনেক সময়েই মেকআপের পরে মুখটা বড্ড শুষ্ক দেখায়। এমন মেকআপ করে বাইরে বেরোলে, তা অল্প সময়েই বিগড়ে যায়। মেকআপ সেটিং স্প্রে সব সময় হাতের কাছে থাকে না। সে সব ক্ষেত্রে সেটিং মিস্ট হিসাবে গোলাপজল ব্যবহার করতেই পারেন। এটি ব্যবহারের পরে মেকআপ করলেও ত্বকে আর্দ্র আর জেল্লাভাব বজায় থাকবে। একটি স্প্রে বোতলে গোলাপজল ভরে দূর থেকে মুখে স্প্রে করুন, শুকোতে সময় দিন।

২) হেয়ার রিফ্রেশ স্প্রে: গরম মানেই শ্যাম্পু করার পরের দিনই আবার চুল জেল্লাহীন হয়ে পড়ে। তার সঙ্গে ঘাম বসে চুলে দুর্গন্ধও হয়। এমন সমস্যারও মুশকিল আসান করতে পারে গোলাপজল। একটি স্প্রে বোতলে গোলাপজলের সঙ্গে মিশিয়ে দিন কয়েক ফোঁটা অর্গ্যান অয়েল। তার পর চুলে স্প্রে করুন। এই মিশ্রণ একেবারেই হেয়ার মিস্টের মতো কাজ করবে। চুলের রুক্ষ ভাব দূর করবে, জেল্লা ফিরিয়ে আনবে এবং এর পাশাপাশি সুগন্ধও আনবে।

Advertisement

৩) লিপ হাইড্রেশন বুস্টার: শীতের মতো হাঁসফাঁস করা গরমেও ঠোঁট প্রচণ্ড শুষ্ক হয়ে যায়। মূলত সঠিক পরিচর্যার অভাবেই এমন হয়। গরমে ত্বক তো বটেই, রোজের রূপরুটিনে ঠোঁটের পরিচর্যাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ ক্ষেত্রে কাজে আসতে পারে গোলাপজল। রাতে শোয়ার আগে গোলাপজলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ঠোঁটে লাগান। নিয়মিত এই মিশ্রণ ঠোঁটে লাগালে ঠোঁটের আর্দ্রভাব ফিরবে, জেল্লাও আসবে। এ ছাড়া কোথাও বেরোনোর আগে ঠোঁটে লিপবাম লাগানোর আগে গোলাপ জলে তুলো ভিজিয়ে ঠোঁটে মাখুন। এতেও উপকার পাবেন।

৪) ফেস মিস্ট: গরমে বেশি ক্ষণ বাইরে থাকাই দায়। রোদ লাগলেই ত্বকে জ্বালা হচ্ছে। ঘেমেনেয়ে ঠান্ডা ঘরে ঢুকলেই শুষ্ক হয়ে যাচ্ছে ত্বক। তার উপরে গরমে ব্রণ-ফুস্কুড়ির সমস্যা তো রয়েছেই। ‘সানবার্ন’-এর কারণে ত্বকে লালচে র‌্যাশ, ঘামাচিও হচ্ছে অনেকের। সব সময়েই তো আর বাতানুকূল ঘরে বসে থাকা যায় না। যতই সানস্ক্রিন বা ক্রিম মাখুন না কেন, বাইরে বেরোনোর ঘণ্টাখানেকের মধ্যেই ত্বক জেল্লাহীন হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ত্বকের সুরক্ষা দেবে ও জ্বালাপোড়া কমাবে গোলাপজলের ফেস-মিস্ট। একটি স্প্রে বোতলে ভরে গোলাপজল ফ্রিজে রাখুন। রোজ কাজ থেকে ফিরে বা সারা দিনের পরিশ্রমের পরে বাড়ি ফিরে ব্যবহার করুন গোলাপজলের ফেস মিস্ট।

৫) আন্ডারআই সুদার: চোখের নীচে কালো দাগ বা ফোলা ভাব খুবই বিরক্তিকর। সকালে ঘুম থেকে উঠে হয়তো দেখলেন চোখের নীচের অংশ ভীষণ ভাবে ফুলে গিয়েছে, অথবা গোটা চোখেই কেমন ফোলা ফোলা ভাব। ঘুমের অভাবে, প্রচণ্ড ক্লান্তিতে এমন হতে পারে। যদি দেখেন চোখের নীচের অংশ অস্বাভাবিক রকম ফুলে আছে, মেকআপেও তা ঢাকা সম্ভব নয়। এ ক্ষেত্রে রোজ রাতে শোয়ার আগে গোলাপজলে তুলো ভিজিয়ে সেটি দু’চোখের উপরে রাখুন মিনিটদশেকের জন্য। এই অভ্যাসটি নিয়ম করে মেনে চললে নামী-দামি ক্রিম, সিরাম ছাড়াই চোখের ফোলা ভাব, আর কালচে দাগ গায়েব হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement