Best Look of Last Week

সপ্তাহভর নজর কাড়লেন নানা ক্ষেত্রের তারকারা, সাজে, আঁচে কারা ভিড়ের মধ্যে আলাদা হলেন?

প্রতি দিনই বিভিন্ন ক্ষেত্রের তারকারা কী সাজছেন, কেমন পোশাক পরছেন, কেমন স্টাইল স্টেটমেন্ট তৈরি করছেন সে সব নজরে রয়েছে আনন্দবাজার ডট কম-এর। তবে এ বার থেকে তারই মধ্যে বিশেষ কিছু সাজ তুলে ধরা হচ্ছে পাঠকদের জন্য । সেই সাজ যা কেবল সাজগোজে আটকে না থেকে বাড়তি কিছু ভাবিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩০
Share:

গ্রাফিক— আনন্দবাজার ডট কম।

ভাল সেজেগুজে আয়নার সামনে দাঁড়ালে মন ভাল হয়ে যায়। এটা অধিকাংশ মানুষের ক্ষেত্রেই সত্যি। কিন্তু ভাল সাজতে তো আর কেউ এক দিনে শেখে না। আশপাশের মানুষকে দেখে, টিভি, সিনেমা, পত্রপত্রিকা আর এ যুগে সমাজ মাধ্যমে তারকাদের দেখেও সাজগোজের বিষয়ে ধারণা হয় মানুষের। আসলে তারকারা ভাল সাজতে জানেন। তাঁরা নিত্যনতুন কেতাদুরস্ত পোশাক পরে হাজির হন প্রকাশ্যে। মানুষ সেই সাজ দেখে অনুপ্রাণিত হন। সাজতে শেখেন।

Advertisement

প্রতি দিনই বিভিন্ন ক্ষেত্রের তারকারা কী সাজছেন, কেমন পোশাক পরছেন, কেমন স্টাইল স্টেটমেন্ট তৈরি করছেন সে সবে নজরে রয়েছে আনন্দবাজার ডট কমের। তবে এ বার থেকে তার মধ্যে থেকে বিশেষ কিছু সাজ তুলে ধরা হল পাঠকদের জন্য। যে সাজ শুধুমাত্র সাজগোজে আটকে না থেকে বাড়তি কিছু ভাবিয়েছে। গত সপ্তাহের তেমনই পাঁচ সাজ বেছে নেওয়া হল।

১। সমান্থা রুথ প্রভু

Advertisement

ফ্যাশন দুনিয়ায় একটি ইংরেজি লব্জ বেশ জনপ্রিয়। ‘পাওয়ার ড্রেসিং’। অর্থাৎ এমন ভাবে পোশাক পরা, যাতে কেতাদুরস্ততাতেই বুঝিয়ে দেওয়া যায়, ক্ষমতার রাশ পরিহিতার হাতে। সামনের মানুষজন যেন তাঁকে সমঝে চলেন। অভিনেত্রী সমান্থা রুথ প্রভু সেই ভাবই ফুটিয়ে তুলেছেন পুরোদস্তুর। এক ফ্যাশন পত্রিকা আয়োজিত মহিলাদের সম্মান প্রদানের অনুষ্ঠানে তিনি মঞ্চে উঠলেন কালো ফরম্যাল প্যান্টের সঙ্গে স্ফটিকের পুঁতির ঝালর দেওয়া একটি টপ পরে। যে পোশাকের আসল আকর্ষণ পিছন দিকের নকশায়। ঘাড় থেকে পিঠ কালো সুতোর শক্ত বাঁধন। জীবনের মতো পোশাকেও কোনও আলগা সুতো রাখতে চান না সমান্থা।

২। প্রিয়ঙ্কা চোপড়া

দিন কয়েক আগেই প্যারিসে ফ্যাশন শোয়ে নিজের কাজ প্রদর্শন করেছিলেন ভারতীয় পোশাকশিল্পী গৌরব গুপ্ত। সেই অনুষ্ঠানে তাঁর পোশাকের সম্ভার বাকিদের নির্বাক করে দিয়েছিল কিছু ক্ষণের জন্য। মাটি, জল, বায়ু, অগ্নি, সূর্যের আলো— সৃষ্টির আদিতে থাকা বিষয়কে পোশাকে নামিয়ে এনেছিলেন গৌরব। সেই ফ্যাশন শোয়েরই একটি পোশাক চোখে লেগেছিল প্রিয়ঙ্কা চোপড়ার। পোশাকটি আগুনে হলুদ রঙের। ঋষিকন্যাদের শাড়ি পরার আদলে তৈরি গাউন। মাথায় ঘোমটা। সেই ঘোমটার শেষ অংশ লুটিয়ে রয়েছে মাটিতে। প্রিয়ঙ্কা জানিয়েছেন, ওই পোশাক দেখে তাঁর মনে হয়েছিল, শাড়ির এমন শক্তিশালী অথচ আধুনিক রূপ ইদানীংকালে দেখেননি তিনি। তাঁর প্রযোজিত ইংরেজি ছবি ‘দ্য ব্লাফ’-এর প্রচারের জন্য তিনি বেছে নিয়েছিলেন ওই পোশাক।

৩। মাসাবা গুপ্ত

মাসাবা গুপ্ত নিজে একজন পোশাক শিল্পী। সাজাতে যেমন ভালবাসেন, তেমনই ভালবাসেন সাজতে। ছবির পোশাকটি তাঁর নিজেরই নকশা করা। পাতিয়ালা আর প্যান্টের মেলবন্ধন ঘটিয়েছেন তিন। তাই প্যান্টের কিছুটা অংশ বেলুনের মতো ফুলে আবার সংযত হয়েছে গোড়ালির কাছে। ঊর্ধ্বাঙ্গে একটি সরু ব্রালেটের উপর মাসাবা পরেছেন বম্বার জ্যাকেট। তাতে সূর্যের নানা ধরনের মোটিফ। যা এত দিন দেখা যেত মাসাবার তৈরি গয়নায়। কিছু শাড়িতেও। নিকষ কালো রঙের উপর উজ্জ্বল হয়ে ফুটে থাকা সোনালি সুতোর সূর্য। কোথাও জাহির না করা ক্ষমতা এবং শক্তির কথাই বলে।

৪। সোনম কপূর

মা হতে চলেছেন সোনম কপূর। মাঝে মধ্যেই নানা ধরনের পোশাক পরে অবতীর্ণ হচ্ছেন ক্যামেরার সামনে। স্ফীতোদর নিয়েও কত রকম ভাবে সাজা যায়, তা সোনমের থেকে শেখার মতো। সেই তিনিই সম্প্রতি শাড়ি পরে ফটোশুট করলেন। গোলাপি জমির সিল্কের পাড়ে চওড়া কলমকারির নকশা। আর কাঁথ থেকে ওড়নার মতো করে নেওয়া পেস্তা রঙের বালুচরী শাড়ি। বাংলার বালুচরী শাড়ির সূক্ষ্ম নকশার খ্যাতি বিশ্বজোড়া। পাতলা রেশমের জমিতে রেশম সুতোতেই মহাভারত এবং পুরাণের নানা ঘটনার নকশা তোলেন মুর্শিদাবাদের বালুচর এবং বাঁকুড়ার বিষ্ণুপুরের শিল্পীরা। সোনম জানিয়েছেন, দু’টি শাড়িই তাঁর দারুণ হালকা লেগেছে। তবে বালুচরী শাড়িটি তাঁর কাছে বিশেষ তাৎপর্যের কারণ এটি নিউ ইয়র্কের মেট্রোপলিটান মিউজ়িয়াম অফ আর্টস কস্টিউম ইনস্টিটিউটে সংরক্ষিত ১৯ শতকের একটি নকশা থেকে অনুপ্রাণিত।

৫। সোহিনী সরকার

বলিউডের অভিনেত্রীদের ভিড়ে এক টলিউডের নায়িকাও রয়েছেন। যাঁর ফ্যাশনবোধ নজর কেড়েছে। সোহিনী সরকার বেনারসে বেড়াতে গিয়েছিলেন। সেই সফরের ছবিতে তাঁকে দেখা গিয়েছে একটি উলের কাফতার পরে। চওড়া পায়ের জিন‌্সের সঙ্গে হাইনেক পুলওভারের উপর উলের শাল দিয়ে তৈরি কাফতান। তার উপর আড়াআড়ি করে ঝোলানো ওয়েস্ট ব্যাগ। আর হাতে কাঠের পুঁতির এক গোছা রিস্ট ব্যান্ড। ফ্যাশনে হিপি সংস্কৃতি জনপ্রিয় হয়েছিল একটা সময়ে। এই ছবি দেখলে বলা যায়, সোহিনীর হাত ধরে তা আবার নতুন করে ফ্যাশনে ফিরলে মন্দ লাগবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement