GenZ Athleisure Collection Fashion Show

খেলার মাঠই র‌্যাম্প, জিমপোশাকই পার্টিপোশাক, অভিষেকের দৌলতে নতুন ধরনের ফ্যাশন শো দেখল শহর

শনিবাসরীয় সন্ধ্যায় সল্টলেক স্টেডিয়ামের ভিতরের হোটেলের খেলার মাঠে নিজের নয়া পোশাকসম্ভার তুলে ধরেন কলকাতার পোশাকশিল্পী অভিষেক দত্ত। নতুন ধরনের র‌্যাম্প ও পোশাক দেখল শহর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৪:৫৯
Share:

পোশাকশিল্পী অভিষেক দত্তের নয়া সম্ভার। — নিজস্ব চিত্র।

একেবারে নতুন ধরনের ফ্যাশন শো দেখল কলকাতা। শনিবাসরীয় সন্ধ্যায় সল্টলেক স্টেডিয়ামের ভিতরের হোটেলের খেলার মাঠ হয়ে ওঠে ঝলমলে চোখধাঁধানো র‌্যাম্প। বেজে ওঠে গান। নিয়ন রঙের পোশাকে পর পর মডেলদের আগমন শুরু হয়। নতুনত্ব যে কেবল ফ্যাশন শো-এর কায়দাতেই ছিল, তা নয়, পোশাকেও অভিনবত্বের ছোঁয়া দেখা যায়।

Advertisement

নিজের নয়া সম্ভারে নতুন প্রজন্মের বৈচিত্রময় যাপনকে তুলে ধরতে চেয়েছিলেন কলকাতার পোশাকশিল্পী অভিষেক দত্ত। নাম দিয়েছেন, ‘নিয়ন জেন জ়ি অ্যাথলেজ়ার’ কালেকশন। জিমের ফিটনেস আর ক্লাবের পার্টির আমেজ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে অভিষেকের নতুন পোশাক সম্ভারে।

এই সংগ্রহে ইলেকট্রিক লাইম, নিয়ন অরেঞ্জ এবং আল্ট্রাভায়োলেট পিঙ্কের মতো উজ্জ্বল রঙের আধিক্য ছিল। খানিক চোখ ধাঁধিয়ে যাওয়া পোশাক পরার চল বেড়েছে এখন। অভিষেকের কথায়, ‘‘ফ্যাশনে বাহুল্য বর্জনের বদলে বাহুল্যকে আপন করে নেওয়া প্রবণতা বেড়েছে আজকাল। সাজগোজের এই পরিবর্তনটি দেখানোর ইচ্ছে ছিল আমার। তা ছাড়া এখন অ্যান্টি-ফিট পোশাক বেছে নিচ্ছে নতুন প্রজন্ম। আসলে আরাম ও স্বস্তিকেই প্রাধান্য দিচ্ছে সকলে। আমার এই কালেকশনে তেমন পোশাকই বেশি। এগুলিকে জিমের পোশাক বললে ভুল হবে। তার কারণ, জিমে যাওয়ার জন্য ডিজ়াইনার পোশাক কত জনই আর বেছে নেন! এই পোশাকগুলি আসলে প্রচণ্ড আরামদায়ক, স্ট্রেচ করা যায়, কমফর্টেবল। সেই পোশাকই যে পার্টিপোশাক হয়ে উঠতে পারে, সেটাই দেখানোর ইচ্ছে ছিল আমার।’’

Advertisement

এই পোশাকগুলিতে ‘টেকনিক্যাল স্পোর্টসওয়্যার’-এর গুণ থাকলেও তাতে অভিষেকের 'স্বাক্ষর' হিসেবে যোগ করা হয়েছে মেটালিক অ্যাকসেন্ট, শিয়ার মেশ এবং ফিউচারিস্টিক ডিজ়াইন। এতে একই সঙ্গে ঘাম শুষে নেওয়ার ক্ষমতা যেমন রয়েছে, অন্য দিকে রয়েছে নজরকাড়া রিফ্লেক্টিভ জ্যামিতিক প্যাটার্ন, যা স্টেডিয়ামের আলো বা ডিস্কোর চোখ ধাঁধানো রশ্মির আকস্মিকতায় ঝলমলিয়ে উঠবে।

আরাম এবং কেতার এক অনন্য মিশেল রয়েছে এই সম্ভারে। এই পোশাকগুলি তাঁদের জন্য, যাঁরা সন্ধ্যায় শরীরচর্চা করে সরাসরি মাঝরাতের পার্টিতে নজর কাড়তে চান।

Advertisement

এই অনুষ্ঠান এবং পোশাকসম্ভারের জন্য অভিষেক বিশেষ কৃতিত্ব দিতে চান বলিউড সঙ্গীতশিল্পী নিকিতা গান্ধীকে। তাঁর একাধিক কনসার্টের জন্য পোশাক বানিয়েছেন অভিষেক। নিকিতা যেমন পোশাক পরতে ভালবাসেন, তেমন পোশাকের কথা মাথায় রেখেই এই সম্ভারটি তৈরি হয়েছে। তাই পোশাক বানানোর নেপথ্যে রয়েছে গায়িকার অবদানও। তার উপরে এই র‌্যাম্পে এসে তিনি গানও গেয়েছেন, হাঁটার ছন্দের জন্য গান বেছেও দিয়েছেন। কলকাতার পর মুম্বইয়েও এই পোশাকের প্রদর্শনী হবে অভিষেক-নিকিতার যুগলবন্দিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement