Homemade beauty product

ঘরোয়া উপায়ে রূপচর্চার নতুন ধারা চলছে, কোন ৫ প্রসাধনী ঘরে তৈরি করে নেওয়ার চল হয়েছে এখন

দাম দিয়ে রাসায়নিকে ঠাসা প্রসাধনী ব্যবহারের প্রবণতা কমছে। বদলে ঘরেই রূপচর্চার নানা সামগ্রী তৈরি করে নেওয়ার চল হয়েছে এখন। বলিউড তারকাদের দেখাদেখি সে প্রবণতা আরও বাড়ছে। রূপচর্চার কোন কোন জিনিস সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায়?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১৮:০৬
Share:

দাম দিয়ে না কিনে কোন ৫ প্রসাধনী ঘরেই বানিয়ে নিতে পারেন? ছবি: ফ্রিপিক।

লিপ গ্লস আর কে ঘরে বানাতে চায়! ফাউন্ডেশন হোক বা হেয়ার জেল, দোকান থেকে কিনে নিলেই হল। কিন্তু এখন সে ধারা বদলেছে। রাসায়নিক থেকে বাঁচতে ঘরোয়া উপায়ে প্রসাধনী তৈরি করে নেওয়ার চল হয়েছে। কমবয়সিরা তা বেশি পছন্দ করছেন। এতে আরও ইন্ধন জুগিয়েছে বলিউড তারকাদের সমাজমাধ্যমে করা নানা পোস্ট। সোনাক্ষী সিংহ তাঁর মায়ের তৈরি কোন তেল মাথায় মাখেন অথবা মলাইকা অরোরার কাচের মতো ত্বকের নেপথ্যে ঘরে তৈরি কোন ফেস প্যাকের জাদু রয়েছে, তা জানতেই কৌতূহল বেশি। তেমন তৈরি করে নেওয়ার প্রবণতাও বাড়ছে। একটা সময়ে মা-ঠাকুরমারা ঘরেই মুসুর ডাল বেটে, তাতে বেসন ও কাঁচা দুধ মিশিয়ে বাড়ির ছোটদের মাখাতেন। সে সময়ে এত নানা রকম ফেসপ্যাক বা ফেস সিরাম ব্যবহারের চল ছিল না। এখন আবার সেই পুরনো রেসিপিতেই ত্বক বা চুলের পরিচর্যা করছেন অনেকেই।

Advertisement

ঘরে কী কী প্রসাধনী বানিয়ে নিতে পারেন?

ফাউন্ডেশন:

Advertisement

শিয়া বাটার ও এসেনসিয়াল অয়েল ফাউন্ডেশন

শুষ্ক ত্বকের খসখসে ভাব দূর করবে এই ফাউন্ডেশন। এটি মাখলে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে ও গালে স্বাভাবিক গোলাপি আভা ফুটে উঠবে। শিয়া বাটার ১ চামচ, ল্যাভেন্ডার অয়েল কয়েক ফোঁটা, সামান্য অলিভ অয়েল নিয়ে নিন। প্রথমে শিয়া বাটার গলিয়ে নিতে হবে। তাতে আমন্ড অয়েল ও ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি একটু ঠান্ডা হলে তাতে ধীরে ধীরে কোকো পাউডার ও দারচিনির গুঁড়ো মিশিয়ে নিন।

স্কিন টোনার

শীত হোক কিংবা বর্ষা— ত্বকের অন্যতম রক্ষাকবচ হল টোনার। মুখ ধোয়ার পরেই ত্বকে টান ধরে। মুখটা কেমন যেন শুকনো লাগে। আর ঠিক তখনই ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে দরকার টোনার। রূপচর্চার কিছু ধাপ রয়েছে। শুরুতে রয়েছে ক্লিনজিং, শেষে ময়েশ্চারাইজ়িং এবং মাঝে থাকে টোনার। এই টোনার বানিয়ে নেওয়া যায় বাড়িতেই।

পুদিনা টোনার: দেড় কাপ ফুটন্ত জলের মধ্যে ১ কাপ পুদিনাপাতা কুচি দিয়ে আঁচ বন্ধ করে চাপা দিয়ে রাখুন ৩০-৪০ মিনিট। ঠান্ডা করে ছেঁকে বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। রোদে পোড়া ত্বকের জন্য এই টোনার খুব ভাল।

হলুদের টোনার: হলুদের টোনার বানাতে লাগবে কাঁচাহলুদ বাটা, অ্যালোভেরা জেল, গ্রিন টি, গোলাপজল, লেবুর রস ও জল। প্রথমে এক গ্লাস জল গরম করে নিন। জল ঠান্ডা হলে তাতে ২ টেবিল চামচ কাঁচাহলুদ বাটা, ১ টেবিল চামচ অ্যালো ভেরা জেল, ১ টেবিল চামচ গ্রিন টি, ২ টেবিল চামচ গোলাপ জল, ১ টেবিল চামচ লেবুর রস মেশান। এবার মিশ্রণটি একটি কাচের স্প্রে বোতলে ভরে ফ্রিজে রাখুন।

লিপ বাম

বিটের লিপ বাম

লিপস্টিক ছাড়াই ঠোঁটে হালকা লালচে বা গোলাপি আভা চাইলে বিট দিয়ে লিপ বাম বানিয়ে নিতে পারেন। এর জন্য দরকার ১ চামচ বিটের রস, ১ চামচ মোম এবং এক চামচ নারকেল তেল। মোম ও নারকেল তেল গরম করে তাতে বিটের রস মিশিয়ে নিন। এ বার ছোট কৌটোয় ঢেলে ফ্রিজে রেখে দিন। জমে গেলেই তৈরি হয়ে যাবে লিপ বাম।

হেয়ার সিরাম

সিরাম তেলের মতো ঘন নয়, আবার জলের মতো পাতলাও নয়। একেবারে গোড়ার দিকে সিরাম ব্যবহার করা হত চুল জটমুক্ত করার জন্য। তবে এখন চুলের নানা ধরনের সমস্যা সমাধানেও ব্যবহার করা হয় সিরাম। অ্যালো ভেরা ও নারকেল তেল দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন সিরাম। ২ চা-চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে ১ চা-চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এর সঙ্গে ৫-৬ ফোঁটা রোজ়মেরি অয়েল মেশাতে হবে। এই মিশ্রণ কাচের শিশিতে ভরে ফ্রিজে রেখে দিন। এক সপ্তাহ ধরে ব্যবহার করা যাবে এই সিরাম।

ফেস সিরাম

হাইড্রেটিং অ্যালোভেরা-গোলাপজলের সিরাম

গরমের দিনে ত্বক জেল্লা হারিয়ে ফেলে খুব তাড়াতাড়ি। তাই ত্বককে সতেজ ও আর্দ্র রাখতে ঘরেই সিরাম বানিয়ে নিতে পারেন। ২ চামচ তাজা অ্যালো ভেরা জেল, ২ চামচ গোলাপজল, ১টি ভিটামিন-ই ক্যাপসুল নিয়ে নিন। সব উপাদান একসঙ্গে খুব ভাল করে ফেটিয়ে নিন যাতে ক্রিমের মতো হয় সেটি। রাতে ঘুমোনোর আগে মুখ পরিষ্কার করে কয়েক ফোঁটা সিরাম নিয়ে মালিশ করুন। নিয়মিত করলে ত্বক আর্দ্র হবে এবং উজ্জ্বল হয়ে উঠবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement