ছাতু কী ভাবে চুল পড়া বন্ধ করে? ছবি: ফ্রিপিক।
চুল পড়ার সমস্যায় দামি তেল, শ্যাম্পু কিংবা পার্লারে গিয়ে খরচ করে থেরাপি করাচ্ছেন? তাতে লাভ হয় না অনেক সময়েই। আসলে চুল পড়ার আসল সমাধান লুকিয়ে রয়েছে রোজের খাদ্যাভ্যাসে। কারিপাতা এবং ছাতুর তৈরি শরবত সে সমস্যার সমাধান করতে পারে। শুধু চুল পড়া বন্ধ হবে তা-ই নয়, অকালপক্বতার সমস্যাও ঘুচবে।
ছাতু প্রোটিনের চাহিদা মেটাতে পারে। ছাতুতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়ামের মতো খনিজ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে। চুলের গোড়াও মজবুত করে। ছাতুর মতোই উপকারী কারিপাতাও। এতে থাকে ভিটামিন সি, ভিটামিন এ, ক্যারোটিনয়েড যা চুলের গোড়া মজবুত করে চুল পড়ার সমস্যা কমায়। এতে থাকা বিটা-ক্যারোটিন এবং ভিটামিন বি নতুন চুল গজাতেও সাহায্য করে।
কী ভাবে বানাবেন শরবত?
উপকরণ
এক কাপের মতো টক দই
২০-২৫টি কারিপাতা
ছোলার ছাতু আধ কাপ
প্রণালী
ব্লেন্ডারে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। দই আগে ফেটিয়ে নিলে ভাল। এই পানীয় ছাঁকবেন না। গ্লাসে ঢেলে উপরে আরও খানিকটা কারিপাতা ছড়িয়ে খেয়ে নিন। সপ্তাহে তিন দিন খেলেই উপকার হবে।
শরবত যদি একঘেয়ে লাগে তা হলে ছাতুর লাড্ডুও বানিয়ে নিয়ে পারেন। ত্বক ও চুলের জন্য যেটি খুবই ভাল। প্রথমে কড়াইতে কাঠবাদাম, কাজুবাদাম, পেস্তাবাদাম, নানা ধরনের বীজ হালকা করে ভেজে নিন। মিক্সিতে অল্প করে গুঁড়ো করে নিন। মিহি গুঁড়ো না হলেও চলবে। জলে ভিজিয়ে রাখা খেজুরগুলোও মিক্সিতে পেস্ট করে রাখুন। এ বার ছাতুর সঙ্গে সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে চটকে মেখে নিন। হাতে অল্প ঘি নিয়ে গোল করে পাকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছাতুর লাড্ডু।