রুক্ষ চুল মসৃণ হবে কী ভাবে? ছবি: সংগৃহীত।
চুলের গোছ যতই মোটা হোক, চুল লম্বা যতই হোক, তা যদি রুক্ষ হয় মোটেই ভাল দেখায় না। সমস্ত কেতাই ফিকে হয়ে যায় রুক্ষ কেশে। রোদ, ধুলোয় চুল রুক্ষ হয়ে পড়া স্বাভাবিক। আবার বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে কেশসজ্জা করার কারণেও চুল রুক্ষ হয়। এমন সমস্যা রয়েছে ঘরে ঘরেই। তার সমাধান কী?
চুলের সিরাম: চুল রুক্ষ হয়ে পড়ার কারণই হল আর্দ্রতার অভাব। রুক্ষ চুলের জন্য রয়েছে বিশেষ সিরাম। সিরামে থাকা সিলিকন চুল মোলায়েম রাখে। শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করা যেমন আবশ্যক, তেমনই প্রয়োজন সিরামের। স্নান সেরে চুল শুকিয়ে মেখে নিন সিরাম। সিরাম রুক্ষ চুলে মসৃণ পরত ফেলে। পাশাপাশি, চুলের আর্দ্রতা ধরে রাখতেও বর্ম হিসাবে কাজ করে।
লিভ ইন কন্ডিশনার: বাইরে বেরোলে চুল উস্কোখুস্কো হয়ে যায়, জট পড়ে। সহজ সমাধান লিভ ইন কন্ডিশনার। সাধারণ কন্ডিশনারের মতো এটি মাখার পর ধুয়ে ফেলতে হয় না। এই ধরনের কন্ডিশনার ধুলো, রোদ থেকে চুলকে রক্ষা করে। রুক্ষ ভাব কমিয়ে চুল মসৃণ রাখে।
কেরাটিন ট্রিটমেন্ট: চুলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রোটিন হল কেরাটিন। রাসায়নিকের ব্যবহারে, অতিরিক্ত তাপে, পুষ্টিকর খাবারের অভাবে কিংবা বয়স বাড়লে কেরাটিনের মাত্রা কমে যায়। ফলে চুল ভঙ্গুর এবং রুক্ষ হয়ে পড়ে। বিভিন্ন রকম সালোঁয় কেরাটিনের মাত্রা বৃ্দ্ধির চিকিৎসা হয়। সঠিক কায়দায় তা করা হলে, চুলের রুক্ষ ভাব কমে। সিরাম বা লিভ ইন কন্ডিশনার চুলের রুক্ষ ভাব ঢাকতে সাহায্য করে। স্থায়ী ভাবে চুলের রুক্ষ ভাব কমাতে কেরাটিন ট্রিটমেন্ট করা হয়।