Kids skin Care Tips

গরমের দিনে শিশুর ত্বকের যত্ন নেবেন কী উপায়ে? ক্রিম মাখাবেন না তেল, রইল কিছু পরামর্শ

শিশুর ত্বক অনেক বেশি স্পর্শকাতর। গরমের দিনে ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়েযেতে পারে। অথবা ব্রণ-ফুস্কুড়ির সমস্যাও দেখা দিতে পারে। এই সময়ে শিশুর ত্বকের যত্ন নেবেন কী উপায়ে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৮:০৯
Share:

গরমের দিনে শিশুর ত্বকের যত্ন নেওয়ার কিছু উপায়। ছবি: ফ্রিপিক।

ছোটদের ত্বক বেশি কোমল, নমনীয়। অনেকেই বড়দের ব্যবহার করার ক্রিম, পাউডার, সাবান শিশুর জন্যও ব্যবহার করেন। কিন্তু তা একেবারেই ঠিক নয়। শিশুদের ত্বক সংবেদনশীল হওয়ায় খুব তাড়াতাড়ি র‌্যাশ বেরিয়ে যেতে পারে। বিশেষ করে গরমের দিনে। রোদে পুড়ে শিশুর ত্বকে কালচে দাগ পড়তে পারে আবার গরমে ঘামাচি বা র‌্যাশের সমস্যাও দেখা দিতে পারে। এই সময়ে শিশুর স্পর্শকাতর ত্বকের যত্ন কী ভাবে নেবেন, তা জেনে নেওয়া জরুরি।

Advertisement

শিশুর স্নান

প্রখর তাপের জন্য বছরের অন্যান্য সময়ের থেকে গরম কালে শিশুর যত্ন নেওয়া বেশি কঠিন। গ্রীষ্মকালে শিশুর ঘাম বেশি হয়। কিন্তু তার মানে এই নয় যে, তাকে একাধিক বার স্নান করাতে হবে। আবার গরম বলেই খুব ঠান্ডা জলে স্নান করাতে হবে, তা-ও নয়। শিশুকে ঈষদুষ্ণ জলে স্নান করানোই ভাল। এতে ত্বক ভাল থাকবে।

Advertisement

ময়েশ্চারাইজ়ারের ধরন

স্নান শেষে শিশুর ত্বকে ময়শ্চারাইজ়ার মালিশ করা খুব জরুরি। গরম হোক, শীত হোক, সব ঋতুতেই শিশু ত্বক কোমল রাখতে ময়েশ্চারাইজ়ার মাখাতেই হবে। খুব বেশি সুগন্ধিযুক্ত ময়েশ্চারাইজ়ার ব্যবহার না কারই উচিত। ময়েশ্চারাইজ়ার কেনার আগে নিশ্চিত ভাবে দেখে নিন তাতে প্যারাবেন, থ্যালেট এবং রঞ্জকের মতো ক্ষতিকারক উপাদান আছে কি না। এ ক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত।

তেলমালিশ

শিশুর ত্বকের জন্য তেলমালিশও জরুরি। তবে সঠিক তেল নির্বাচন করার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শিশুর ত্বকে র‌্যাশ বা ফুস্কুড়ি হলে নারকেল তেল মাখালে উপকার হবে। দুই চামচ নারকেল তেলের সঙ্গে এক চামচ হলুদ মিশিয়ে মাখাতে হবে।

সানস্ক্রিনও জরুরি

ছোটদেরও সানস্ক্রিন মাখানো জরুরি। ছোটরা বাইরে বেশি ক্ষণ খেলাধুলো করলে সান ট্যান, সান বার্ন, অ্যালার্জির মতো সমস্যা দেখা যায়। বাইরে বেরোলে সানস্ক্রিন তাই আবশ্যিক। ছোটদের ক্ষেত্রে এসপিএফ ২০ বা ৩০ হলেই যথেষ্ট। মেঘলা দিনেও লাগাতে হবে সানস্ক্রিন।

ছোটদেরও প্রয়োজন ক্লিনজ়ার

স্কুল থেকে ফিরলে বা বাইরে থেকে খেলে এলে মুখ ও হাত ধোয়ার প্রয়োজন হয়। সে জন্য এমন ক্লিনজ়ার ব্যবহার করুন, যা শিশুর কোমল ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি আর্দ্রতাও ধরে রাখবে। তবে বাজারচলতি ক্লিনজ়ার না চাইলে, ঘরে ওট্সের মাস্ক ব্যবহার করতে পারেন। দুধের সঙ্গে দু’কাপ ওট্‌সের গুঁড়ো মিশিয়ে তাতে ১ চা চামচ মধু দিয়ে প্যাক তৈরি করুন। স্নানের আগে মুখে ও সারা গায়ে এই প্যাক লাগিয়ে মিনিট পনেরো অপেক্ষা করে স্নান করিয়ে দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement