Bael Sharbat for Hair

পান করুন বা মাথায় মাখুন, গ্রীষ্মের অত্যাচার থেকে ত্বক ও চুলকেও রক্ষা করতে পারে ঘরোয়া বিশেষ ফল

কেবল সামগ্রিক স্বাস্থ্য নয়, ত্বক, চুল সব কিছুরই জেল্লা বাড়াতে পারে গরমের এই ফলটি। চুল পড়া, রুক্ষ বা পাতলা হয়ে যাওয়ার সমস্যায় অনেকেই যখন রাসায়নিকের বাইরে সমাধান খুঁজছেন, সেই সময়ে এই ফলটি নিয়ে ভাবনাচিন্তা করতে পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৪:৪৮
Share:

ফল দিয়ে কেশচর্চা। ছবি: সংগৃহীত।

পেট ঠিক থাকলে সব ঠিক থাকবে। কেবল সামগ্রিক স্বাস্থ্য নয়, ত্বক, চুল সব কিছুরই জেল্লা বাড়বে। তাই হজম ও পাচনক্রিয়ার প্রতি অতিরিক্ত যত্নবান হওয়া প্রয়োজন। আর গরমের সময়ে সে ব্যাপারে বেলের থেকে বেশি কার্যকর কে-ই বা হতে পারে! চুলের বৃদ্ধিতে বেলের প্রভাব পরোক্ষ হলেও গুরুত্বপূর্ণ। তা হলে বেল কী কী ভাবে চুলের স্বাস্থ্যরক্ষায় সাহায্য করে?

Advertisement

ভ্যাপসা গরমে দিনে এক গ্লাস বেলের শরবত মানেই স্বস্তি। তবে কেবল স্বস্তির জন্য নয়, এই শরবত চুলের যত্নের এক প্রাকৃতিক উপায় হয়ে উঠতে পারে। চুল পড়া, রুক্ষ বা পাতলা হয়ে যাওয়ার সমস্যায় অনেকেই যখন রাসায়নিকের বাইরে সমাধান খুঁজছেন, সেই সময়ে বেল নিয়ে ভাবনাচিন্তা করতে পারেন।

গরমে চুলের অবস্থা খারাপ? ছবি: সংগৃহীত

বেল আসলে পুষ্টিতে ভরপুর একটি ফল। এতে থাকে ভিটামিন এ এবং ভিটামিন সি, অ্যান্টি-অক্সিড্যান্ট, আয়রন ও ক্যালশিয়াম— যা চুলের গোড়া মজবুত করতে এবং চুল পড়া কমাতে সাহায্য করে। চিকিৎসকদের মতে, শরীর ভিতর থেকে সুস্থ থাকলে তবেই চুল ভাল থাকে, আর বেলের শরবত সেই পুষ্টির খেয়াল রাখতে পারে। অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখার জন্য বেলের গুরুত্বপ অপরিসীম। পাশাপাশি, অতিরিক্ত তাপে শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে এই ফল। আর এমন অস্তস্তিকর আবহাওয়ায় চুলে ঘাম, ধুলোময়লা ইত্যাদি জমতে থাকে। ধীরে ধীরে কেশস্বাস্থ্যের অবনতি হতে পারে এর ফলে। তাই এই সময়ে নিয়মিত বেলের শরবত পান করা উচিত।

Advertisement

বেলের শরবত কী ভাবে কেশস্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে?

· শরীরে জলশূন্যতার সমস্যা কমবে, ফলে চুলও শুষ্কতা থেকে রক্ষা পাবে।

Advertisement

· তাপের ফলে চুল ঝরে পড়ার সমস্যা কমবে।

· শরীর ভাল ভাবে পুষ্টি উপাদান শোষণ করতে পারবে।

· মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটাবে।

কী ভাবে ব্যবহার করবেন বেল?

১. ভিতর থেকে যত্ন: বেলের শরবত বানিয়ে খেতে পারেন। তাতে শরীর ভিতর থেকে সুস্থ হয়ে চুলের ঔজ্জ্বল্য বাড়াবে। এই শরবত বানানোও খুব সহজ। একটি পাকা বেল ভেঙে তার শাঁস বার করে জল মিশিয়ে ভাল করে চটকে নিতে হয়। তার পর ছেঁকে নিয়ে তার সঙ্গে গুড় বা সামান্য চিনি ও বিটনুন মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেলের শরবত। নিয়মিত এই পানীয় শরীর ঠান্ডা থাকে এবং পুষ্টির ঘাটতি অনেকটাই পূরণ হয়। এতে চুলের স্বাস্থ্যও ভাল থাকে।

২. বাইরে থেকে যত্ন: বেল দিয়ে চুলের মাস্কও বানাতে পারেন। বেলের শাঁস চটকে তার সঙ্গে অল্প অ্যালো ভেরা জেল বা দই মিশিয়ে সরাসরি মাথার ত্বকে লাগিয়ে নিতে পারেন। হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করলে মাথার ত্বক পুষ্ট হবে। অনেকেই বেলের পাতা বা শাঁস দিয়ে তেল তৈরি করেও ব্যবহার করেন, যা খুশকি কমাতে এবং চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে।

তবে একটি বিষয় মাথায় রাখা জরুরি, এটি কোনও তাৎক্ষণিক সমাধান নয়। নিয়মিত স্বাস্থ্যকর খাওয়াদাওয়া আর সামগ্রিক জীবনযাত্রার সঙ্গে মিলিয়েই এর ফল পাওয়া যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement