Boiled Chicken Bharta Recipe

কষানো নয়, হাতেমাখা সেদ্ধ চিকেন দিয়ে সুস্বাদু ভর্তা বানিয়ে নিন! গরমে হালকা, মুখরোচক পদ থাকুক পাতে

ভর্তাপ্রেমী বাঙালির পাতে থাক মুরগির মাংসের ভর্তা। তবে কষানো মাংসের বদলে হাতেমাখা সেদ্ধ মাংসের ভর্তা করে খেতে পারেন এ সময়ে। সুস্বাদু এবং হালকা পদ আরামদায়ক লাগবে দুপুরে বা রাতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১২:০৩
Share:

সেদ্ধ চিকেনের ভর্তা। ছবি: এআই সহায়তায় প্রণীত।

হাঁসফাঁস গরম আর প্যাচপেচে আবহাওয়ায় নাজেহাল অবস্থা। এ সময়ে ভারী খাবারে অরুচি ধরে যায়। কিন্তু মাছ, মাংস, ডিম ছাড়া বাঙালির রসনাতৃপ্তি হয় না। কত দিন আর হালকা মাছের ঝোল ও হালকা চিকেন স্টু-তে মন মজে থাকবে? ভর্তাপ্রেমী বাঙালির পাতে থাক মুরগির মাংসের ভর্তা। তবে কষানো মাংসের বদলে হাতেমাখা সেদ্ধ মাংসের ভর্তা করে খেতে পারেন এ সময়ে। সুস্বাদু এবং হালকা পদ আরামদায়ক লাগবে দুপুরে বা রাতে। শিখে নিন সহজ রেসিপি।

Advertisement

উপকরণ

২৫০ গ্রাম মুরগির মাংস

Advertisement

১-২ টেবিল চামচ সর্ষের তেল

২টি মাঝারি আকারের পেঁয়াজ কুচি করে

Advertisement

আধ ইঞ্চি আদা

১টি লেবুপাতা

৩-৪ কোয়া রসুন

১ ইঞ্চি দারচিনি

৩টি লবঙ্গ

১টি এলাচ

১টি গোটা শুকনোলঙ্কা

২-৩টি কাঁচালঙ্কা

১-২ চা চামচ জিরেগুঁড়ো

স্বাদমতো নুন

প্রণালী

প্রেশার কুকারে আদা, রসুন, লেবুপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং নুন দিয়ে মুরগির মাংস সেদ্ধ করে নিন। তার পর মাংসের জল ঝরিয়ে রাখুন। একটি কড়াইয়ে তেলছাড়া জিরেগুঁড়ো ভেজে নিন। রোস্ট করা গুঁড়ো অন্যত্র সরিয়ে রাখুন। পাত্রে তেল দিয়ে পেঁয়াজকুচি ও শুকনোলঙ্কা ভেজে নিন। এ বার হাতে হাতে হাড় থেকে মাংস আলাদা করে নিন। চাইলে মিক্সার গ্রাইন্ডারও ব্যবহার করতে পারেন। নয়তো হাতেই মেখে নিতে পারেন সেদ্ধ মাংস। এর সঙ্গে দিতে হবে ভাজা পেঁয়াজ, কাঁচালঙ্কা ও জিরেগুঁড়ো। চাইলে অল্প কাঁচা তেল মিশিয়ে হাতে মেখে নিতে পারেন। তাতে মুরগির ভর্তা আরও একটু নরম হবে। গরম ভাতের সঙ্গে সেদ্ধ মাংসের ভর্তা মেখে খেলে তৃপ্তি পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement